বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শুরু হল ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের পুনর্নির্মাণের কাজ

18 September, 2026 6:47 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হল ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের পুনর্নির্মাণের কাজ। সম্প্রতি প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মাধ্যমে এই বহুকাঙ্ক্ষিত সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যনির্বাহী আধিকারিক বীর বিক্রম রাই, শিলিগুড়ি ট্রাফিক পুলিশের ডিসিপি কাজি সামসুদ্দিন আহমেদসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পের আওতায় ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত মোট ১.৪০ কিলোমিটার রাস্তা নতুনভাবে গড়ে তোলা হবে। প্রকল্পটির জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে আনুমানিক ৮ কোটি টাকা।
দীর্ঘদিনের পুরনো, খানাখন্দে ভরা রাস্তার উপরিভাগের জীর্ণ স্তর তুলে ফেলে আধুনিক প্রযুক্তিতে মজবুত পাকা রাস্তা তৈরি করা হবে। ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসটি শুধুমাত্র স্থানীয় যাতায়াতের মাধ্যম নয়, এটি উত্তরবঙ্গের বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগের অন্যতম প্রধান ধমনী। ভারত-বাংলাদেশ বাণিজ্য কেন্দ্রিক ফুলবাড়ি স্থলবন্দরের সংযোগকারী পথ হওয়ার কারণে প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার ভারী ট্রাক, বাস ও ছোট যান চলাচল করে। রাস্তাটি দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত থাকায় নিত্যদিন যানজট, ছোট-বড় দুর্ঘটনা এবং সময় অপচয় ছিল নৈমিত্তিক ব্যাপার। নতুন এই পিচের রাস্তা তৈরি হলে যানবাহনের গতি বাড়বে এবং সড়ক নিরাপত্তা জোরদার হবে।

প্রশাসনের আধিকারিকেরা জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজটি শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। বাইপাসের সংস্কার কাজ সম্পূর্ণ হলে শুধু ফুলবাড়ি বা ঘোষপুকুর নয়, সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি অঞ্চলে পণ্য পরিবহনেও নতুন গতি আসবে।

প্রতিবেদন

Lopa Bhowmik