Lionel Messi: মিয়ামির জার্সিতে সেঞ্চুরি মেসির, চতুর্থ ট্রফি জয়ের স্বাদ পেল বেকহ্যামের ক্লাব
মিয়ামি: বয়স ৩৯। তবু বল পায়ে লিওনেল মেসি মানেই এখনও একই সেই রূপকথা। তিনি গোল করবেন, গোল করাবেন, আর ম্যাচের শেষে ট্রফিটাও নিজের করে নেবেন। ক্রুজ আজুলকে ২-০ হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। আর এই জয়ের রাতেই ডেভিড বেকহ্যামের ক্লাবের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা।

Ad
ম্যাচের ২৪ মিনিট। ডান দিক থেকে লুইস সুয়ারেসের ক্রস ঢুকল বক্সে। সেখানেই মেসি। নিখুঁত টাইমিংয়ে হেড। বল জালে জড়াতেই ইতিহাস। ইন্টার মায়ামির হয়ে ১১৫তম ম্যাচে ১০০ গোল পূর্ণ হল তাঁর। আরও মজার ব্যাপার, মায়ামির জার্সিতে মেসির প্রথম গোলও এসেছিল ক্রুজ আজুলের বিরুদ্ধেই। শুরু যেখানে, শততম গোলও এল সেই প্রতিপক্ষের বিরুদ্ধে।
La foto que queríamos 📸🏆 pic.twitter.com/KH6Acz17gb
— Inter Miami CF (@InterMiamiCF) September 17, 2026
মাইলফলক ছোঁয়ার পরেও থামেননি মেসি। এবার গোল করানোর পালা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কর্নার থেকে নিখুঁত বল তুলে দিলেন বক্সে। সেখান থেকে হেডে গোল ক্যাসেমিরোর। ২-০। স্কোরশিটে মেসির পাশে তখন গোল এবং অ্যাসিস্ট—দুটিই। ট্রফির ম্যাচে দলের দুই গোলেই সরাসরি অবদান আর্জেন্টাইন তারকার।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির ইতিহাস বদলে দিয়েছেন মেসি। ১০০ গোল করতে তাঁর লেগেছে ১১৫ ম্যাচ। এই সময়ের মধ্যে একের পর এক ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার পাশাপাশি মায়ামির ট্রফির সংখ্যাও বেড়েছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪-এ সাপোর্টার্স শিল্ড, ২০২৫-এ এমএলএস কাপের পর এ বার ক্যাম্পেওনেস কাপ।
আরও পড়ুন: Lionel Messi: মেসির ১০ নম্বর কি এবার অবসরে? আর্জেন্টিনার সিদ্ধান্তে বাড়ছে রহস্য
ব্যক্তিগত ট্রফির হিসাবেও যোগ হল আরও একটি অধ্যায়। ক্যাম্পেওনেস কাপ জয়ের পর মেসির কেরিয়ারে বড় ট্রফির সংখ্যা দাঁড়াল ৪৯। বার্সেলোনা, প্যারিস সাঁ-জার্মাঁ, আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামি—যেখানেই গিয়েছেন, ট্রফির সঙ্গে তাঁর সম্পর্কটা প্রায় অবিচ্ছেদ্য।
তবে এই রাতটা আলাদা করে মনে থাকবে মায়ামির জন্য। কারণ একই ম্যাচে ১০০ গোল, অ্যাসিস্ট এবং ট্রফি—তিনটিই পেল ক্লাব। আর মেসি? বয়সের অঙ্ককে ফের একবার পাশে সরিয়ে রেখে নিজের চেনা ছন্দেই লিখলেন আরও একটি অধ্যায়।
