মোদির জন্মদিনে ধোকলা ভোগ, বিজেপি অফিসে মূর্তি উন্মোচন
সংবাদদাতা, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে উৎসবের মেজাজ। আজ দিনটি স্মরণীয় করে রাখতে বঙ্গ বিজেপির উদ্যোগে কলকাতা থেকে শুরু করে জেলার প্রতিটি প্রান্তে গ্রহণ করা হয়েছে একাধিক বর্ণাঢ্য কর্মসূচি। এদিন বিশেষ নজর কেড়েছে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার উদযাপন। সকালে স্থানীয় বিজেপি নেতাকর্মী ও প্রধানমন্ত্রীর সমর্থকদের উদ্যোগে এক বিশেষ পূজা ও মহাযজ্ঞের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে এই যজ্ঞে আহুতি দেন দলীয় সমর্থকরা। মণ্ডপে স্থাপিত নরেন্দ্র মোদির বিশালাকার ছবির সামনে সাজিয়ে দেওয়া হয় তাঁর প্রিয় গুজরাতি জলখাবার ‘ধোকলা’ এবং বিভিন্ন স্বাদের লাড্ডু। পুজো শেষে সেই ধোকলা ও লাড্ডু উপস্থিত সাধারণ মানুষের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। শুধু জোড়াবাগানই নয়, বিজেপি রাজ্য সদর দফতরেও দিনটি সাড়ম্বরে পালিত হয়। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মোদির একটি পূর্ণাবয়ব মোমের মূর্তি উন্মোচন করেন।
পাশাপাশি রাজ্যজুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত একমাসব্যাপী সেবা সংকল্প অভিযান পালনের কথা ঘোষণা করেছে দল। এর অধীনে রক্তদান শিবির, ফল বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বিশেষ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই রাজনৈতিক শিবিরের পাশাপাশি সাধারণ নাগরিকরাও সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভকামনা জানান। সব মিলিয়ে, পুজো-যজ্ঞ ও ধোকলা-লাড্ডুর মিষ্টি আবহে জোড়াবাগানসহ গোটা কলকাতা মোদির জন্মদিনের আমেজে মুখরিত হয়ে উঠেছে।
