সরকার বদল হলেও বদলায়নি রাস্তার বেহাল দশা, ফুলিয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা
সংবাদদাতা, ফুলিয়া (নদীয়া): সরকার বদল হলেও বদলায়নি রাস্তাঘাটের চিত্র। খানাখন্দে বেহাল দশা শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া স্টেশন রোডের। রাস্তার কঙ্কাল সার চেহারা দেখে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। খানাখন্দের ওপর বৃষ্টিতে জমে আছে জল। ফলে বোঝাই যায় না কোথায় গর্ত রয়েছে। সেই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়।। কিছু কিছু ক্ষেত্র সাইকেল উলটে পড়ে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
ফুলিয়া স্টেশনে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা স্টেশন রোড। ১২ নম্বর জাতীয় সড়ক থেকে সরাসরি স্টেশনে যাওয়ার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ট্রেন ধরার জন্য কখনও কখনও গাড়ি জোরে চালিয়ে যেতে হয়। আর রাস্তার অবস্থা এতটাই খারাপ সেই কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তৃণমূল সরকার থাকাকালীন এই রাস্তা সারাইয়ের জন্য দীর্ঘদিন দাবি জানিয়েও কোনও কাজ হয়নি। সরকার পরিবর্তন হয়েছে চার মাস অতিক্রান্ত হতে চলল। এখনও একই অবস্থায় পড়ে রয়েছে ওই রাস্তা। স্থানীয় দোকানদার থেকে শুরু করে টোটো চালকদের দাবি অবিলম্বে এই রাস্তাটি অবিলম্বে ঠিক করা হোক। নাহলে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, কবে নজর পড়বে রাজনৈতিক নেতা বা বিধায়কদের। কবে সারানো হবে রাস্তা। নাকি এটাই মানুষের ভবিতব্য?
