অরিজিতের জন্যই থমকে প্রথম গান, ‘কিং’ নিয়ে অকপটে শাহরুখ খান
শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’ নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। ছবির ঝলক থেকে অভিনেতার নতুন লুক—সব নিয়েই চলছে জোর আলোচনা। এবার সেই তালিকায় যুক্ত হল ছবির গানও। অনুরাগীর প্রশ্নের জবাবে শাহরুখ নিজেই জানিয়ে দিলেন, গান প্রকাশে দেরির নেপথ্যে রয়েছেন অরিজিৎ সিং।মঙ্গলবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন অভিনেতা। সেখানে এক অনুরাগী অনুরোধ করেন, ‘কিং’-এর অন্তত একটি গান যেন প্রকাশ করা হয়। জবাবে শাহরুখ স্পষ্ট করে বলেন, “গানটি প্রকাশ করে দিতে পারি। কিন্তু এখনও অরিজিৎ দাদার কিছু ‘ফিনিশিং টাচ’ দেওয়ার বাকি।” অরিজিৎ যে কাজ নিখুঁত না করে ছাড়েন না, সে কথাও ইঙ্গিতে জানিয়ে দেন তিনি—আর সে কারণেই একটু বাড়তি সময় লাগছে।
শাহরুখ-অরিজিৎ জুটির ক্ষেত্রে এমন প্রতীক্ষা অবশ্য নতুন কিছু নয়। ২০১৭ সালে ‘রইস’ ছবির ‘জ়ালিমা’ গান প্রকাশের সময়ও শাহরুখের ভূয়সী প্রশংসা করেছিলেন অরিজিৎ। বিশেষত অভিনেতার রোম্যান্টিক ভাবমূর্তি নিয়ে তাঁর মন্তব্য তখন যথেষ্ট আলোচিত হয়েছিল। সেই প্রশংসার জবাবে শাহরুখও জানিয়েছিলেন, তাঁর গানের মধ্যেই এমন কিছু আছে যেখানে ভালবাসা আপনাআপনি প্রকাশ পায়। ফলে ‘কিং’-এর গান নিয়ে অনুরাগীদের উত্তেজনার কারণটাও স্পষ্ট—এই জুটি ফের কী চমক দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।
অন্য মেজাজে শাহরুখ
অ্যাকশন-নির্ভর ‘কিং’ ছবিতে অবশ্য একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তাঁর চরিত্রটি ধূসর প্রকৃতির। এমনকি খুন করতেও পিছপা হয় না সে। চরিত্র নিয়ে আগেই শাহরুখ জানিয়েছিলেন, এর মধ্যে যথেষ্ট পরিমাণে ‘ইভিল’ উপাদান রয়েছে এবং চরিত্রটি অত্যন্ত নির্মম।
ছবিতে শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। এছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং রাঘব জুয়ালা। গত বছর নভেম্বরে প্রকাশিত ছবির নাম-ঘোষণার ভিডিয়োতেই শাহরুখের নতুন লুক এবং চরিত্রের অন্ধকার দিকের ইঙ্গিত মিলেছিল।
