মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া
সংবাদদাতা, শিলিগুড়ি: হোস্টেলের চার দেয়ালের গণ্ডি পেরিয়ে ছুটির আনন্দ উদযাপনে গিয়ে ঘনালো চরম বিপত্তি। মহানন্দার উত্তাল স্রোতে তলিয়ে গেল দুই স্কুলছাত্র। বরাতজোরে প্রাণে বেঁচে ফিরেছে তাদের তৃতীয় সঙ্গী। রবিবারের দুপুরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চরম আলোড়ন তৈরি হয়েছে পুরো এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া তিন বন্ধুই ফুলবাড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করত। রবিবার অনুমতি নিয়েই কয়েক ঘণ্টার জন্য তারা হোস্টেল থেকে বাইরে বেরিয়েছিল। এর আগেও একাধিকবার এইভাবে তারা বাইরে ঘুরতে গেলেও প্রতিবারই নিরাপদে ফিরে এসেছিল। ফলে অভিভাবকরাও আশঙ্কা করেননি। এদিন তিন বন্ধু গিয়ে পৌঁছায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে। সেখানে ব্যারেজের জলে স্নান করার সিদ্ধান্ত নেয়। স্থানীয় মৎস্যজীবীরা জানান, জলস্তর এবং জলের বেগ বেশি থাকায় তারা ছাত্রদের ব্যারেজের জলে নামতে নিষেধ করেছিলেন। কিন্তু সতর্কবার্তায় পাত্তা না দিয়ে তারা জলে নেমে পড়ে। কিছুক্ষণ পরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল স্রোতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যেতে থাকে এক ছাত্র। তাকে বাঁচাতে দ্বিতীয় বন্ধু ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের টান এতই বেশি ছিল যে দুজনেই তলিয়ে যায়। তাদের অবস্থা দেখে তৃতীয় বন্ধুটি চিৎকার শুরু করলে স্থানীয় মৎস্যজীবীরা গিয়ে কোনওক্রমে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। নামানো হয় সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ ডুবুরি। মহানন্দা ব্যারেজ এবং তার আশপাশের বিশাল এলাকা জুড়ে উদ্ধারকাজ শুরু হলেও তলিয়ে যাওয়া দুই ছাত্রের হদিশ মেলেনি। উদ্ধার হওয়া ছাত্রটি সংবাদ মাধ্যমকে জানায়, নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের বাড়ি মালদায় এবং অপরজন বাংলাদেশের বাসিন্দা। সে নিজে কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা। ছেলের তলিয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই মালদা থেকে শিলিগুড়িতে ছুটে আসেন নিখোঁজ এক ছাত্রের মা। জানান, ছেলে বহু বছর ধরে শিলিগুড়ির হোস্টেলে থেকে পড়াশোনা করছিল। প্রায়ই বন্ধুদের সঙ্গে বের হতো। কিন্তু এমন ভয়াবহ পরিণতি হবে তা কেউ ভাবতেও পারেননি। মুহূর্তের অসাবধানতা ও উচ্ছ্বাস যে এমন বিপদ ডেকে আনবে, তা মেনে নিতে পারছেন না নিখোঁজ ছাত্রদের পরিবার ও সহপাঠীরা। মহানন্দার বিস্তীর্ণ নদীপথে নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্সের দল।
