দিল্লির কারখানায় ভয়াবহ আগুন, আহত ৬
সংবাদদাতা, নয়াদিল্লি: দিল্লিতে জুডোর পোশাক এবং বক্সিংয়ের গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ আগুন। স্বরূপনগরের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, এরা সকলেই প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। আহতরা বেশিরভাগই মহিলা ও শিশু।
রবিবার সকাল ১১টা নাগাদ স্বরূপনগরের ওই কারখানায় আগুন লাগে। ছুটির দিন হওয়ায় ঘটনার সময় কারখানার ভেতরে কেউ ছিলেন না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১৫টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, সকাল থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়া থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। পাশে থাকা একটি দোতলা বাড়িতেও আগুনে লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। তখনই সেই বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দোতলার ওপর থকে ঝাঁপ দেন।
মাত্র কয়েক দিন আগেই দিল্লির সত্য নিকেতনে একটি বহুতল ভেঙে পড়ে ৭ জন পড়ুয়ার মৃত্যু হয়। ওই আবাসনে পড়ুয়ারা ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একটি কারখানায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
