সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস, কড়া বার্তা মন্ত্রীর
সংবাদদাতা, বীরভূম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেবা মাস’ পালনের প্রাক্কালে বুধবার সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বেডের সংখ্যা, চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতির বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। সমস্যাগুলি শোনার পর দুধকুমার মণ্ডল জানান, সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হওয়ায় আগামী দিনে পরিকাঠামোগত সমস্যাগুলির দ্রুত সমাধান হবে। রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকদেরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এদিন সরকারি চিকিৎসকদের বেআইনি প্রাইভেট প্র্যাকটিস নিয়েও কড়া বার্তা দেন কৃষিমন্ত্রী। সরকারি পরিষেবায় কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি।
পাশাপাশি, স্বল্প বেতনে ভিন জেলায় বদলির প্রতিবাদে সরব হওয়া চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীদের সমস্যার কথাও শোনেন মন্ত্রী। তাঁদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন তিনি। হাসপাতালের সামগ্রিক পরিষেবা আরও উন্নত করে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন কৃষিমন্ত্রী।
