Ballon D’Or 2026: ৩৯-এও মেসি! ব্যালন ডি’অরের মঞ্চে ফিরলেন রাজা
লন্ডন: একটা সময় ছিল, ব্যালন ডি’অরের তালিকায় তাঁর নাম থাকাটা খবর ছিল না। খবর ছিল, তিনি জিতলেন কি না। সময় বদলেছে। ফুটবল বদলেছে। বয়স হয়েছে ৩৯। তবু ব্যালন ডি’অর ২০২৬- এর ৩০ জনের তালিকা প্রকাশ হতেই আবারও আলোটা এসে পড়ল সেই এক নামের উপর—লিওনেল মেসি। আটবারের বিজয়ী ফিরেছেন নবম মুকুটের লড়াইয়ে।

ব্যালন ডি’অর ২০২৬: শেষ বিশ্বকাপেও থামেনি মেসির গল্প
২০২৬ বিশ্বকাপটাই ছিল মেসির শেষ বিশ্বকাপ। বয়স তখন ৩৯। আর্জেন্টিনাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। শেষ পর্যন্ত স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ হেরে ট্রফি হাতছাড়া হয়। বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি মেসি, কিন্তু শেষ বিশ্বকাপেও নিজের ছাপ রেখে গিয়েছেন—আট গোল করেছেন। আর সেই ফাইনালের ছবিটাই যেন এবারের ব্যালন ডি’অরের গল্পকে আরও অর্থবহ করে দিয়েছে। এক দিকে ৩৯ বছরের মেসি। অন্য দিকে ১৯ বছরের লামিনে ইয়ামাল। একজন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম। অন্যজন ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল মুখ। ইয়ামালই শেষ পর্যন্ত স্পেনের বিশ্বকাপজয়ী দলের অংশ হয়ে ট্রফি তুলেছেন। তাঁর সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন আর এক ১৯ বছরের তরুণ পাও কুবর্সিও। দুজনেই এবার মেসির সঙ্গে ব্যালন ডি’অর জয়ের দাবিদার।
নতুনদের ভিড়ে পুরনো রাজা
গত দু’টি সংস্করণে ব্যালন ডি’অরের তালিকায় ছিলেন না মেসি। এবার ফিরেছেন। ৪৯ ম্যাচে ক্লাব ও দেশের হয়ে ৭৫টি গোল-অবদান তাঁর প্রত্যাবর্তনের অন্যতম কারণ। এবার লক্ষ্য নবম মুকুট। তবে পথ সহজ নয়। গতবারের বিজয়ী ওসমান দেম্বেলে আবারও লড়াইয়ে। পিএসজি-র ভিটিনিয়া, আশরাফ হাকিমি, ফ্যাবিয়ান রুইজ, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, খভিচা কাভারাত্সখেলিয়া, মারকুইনহোস ও উইলিয়াম পাচোরাও রয়েছেন তালিকায়। আছেন এমবাপে, হালান্ড, কেন, বেলিংহ্যাম, ভিনিসিয়ুস, লাউতারো, ব্রুনো ফার্নান্ডেজ, রদ্রি, মাইকেল ওলিসে, দেকলান রাইস, সালিবা, উপামেকানো, কুকুরেয়া, গ্যাব্রিয়েল, সাদিও মানে, ফেরান তোরেস, জুলিয়ান কুইনোনেসদের মতো তারকারাও।

আরও পড়ুন: UEFA Champions League: বার্নাব্যুতে ইন্টারের ভুলের শাস্তি, পোর্তোয় হালান্ডের জোড়া গোল
আরও পড়ুন: UEFA Champions League: হেভিওয়েটদের অগ্নিপরীক্ষা, ড্র-তেই উল্টে গেল চ্যাম্পিয়ন্স লিগের পাশা!
সেরার শেষযুদ্ধ
কিন্তু মেসির লড়াইটা তাঁদের সবার থেকে আলাদা। তিনি শুধু গোল, ট্রফি বা পরিসংখ্যানের সঙ্গে লড়ছেন না। লড়ছেন বয়সের সঙ্গে। সময়ের সঙ্গে। আর সেই প্রত্যাশার সঙ্গে, যা তাঁকে আটবার বিশ্বের সেরা করেছে ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে যখন ব্যালন ডি’অরের বিজয়ীর নাম ঘোষণা হবে, তখন হয়তো মেসির সামনে থাকবে শেষ বড় প্রশ্ন—৩৯ বছর বয়সেও কি তিনি পারবেন? হয়তো পারবেন না। হয়তো পারবেন। কিন্তু প্রশ্নটা যে এখনও তাঁকে ঘিরেই উঠছে, সেটাই মেসির সবচেয়ে বড় পরিচয়। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল শেষ দুই দশকে এই ট্রফি জয়কে অভ্যাসে পরিণত করা আর্জেন্টিনার ভদ্রলোকের এটাই শেষ সেরা হওয়ার লড়াই।
