দুর্গাপুজোর অনুদান এক লক্ষ, বন্ধ কার্নিভাল, একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোয় ক্লাব ও পুজো কমিটিগুলির জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক বৈঠকে বসে তিনি জানান, এ বছর প্রতি কমিটিকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। তবে অনুদান ঘোষণার পাশাপাশি বড় বাজেটের পুজো কমিটিগুলির কাছে সরকারের আর্থিক সাহায্য না নেওয়ার জন্য বিশেষ অনুরোধও জানান তিনি। তিনি স্পষ্ট করেন, যেসব ছোট ও মাঝারি কমিটির এই অর্থ ছাড়া পুজো আয়োজন করতে সমস্যা হবে, সাহায্য কেবল তাদের জন্যই নির্দিষ্ট রাখা উচিত।
এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান নীতির কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। আগের সরকারের আমলে ২৫ হাজার টাকা থেকে শুরু করে ধাপে ধাপে অনুদানের অঙ্ক বাড়ানোকে রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অনুদানের পরিমাণ বাড়িয়েও শেষ পর্যন্ত ভোটে কোনো লাভ হয়নি, বরং বহু কমিটি আর্থিক দিক থেকে সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।
পুজো কমিটিগুলির স্বস্তির জন্য একাধিক সুবিধাও ঘোষণা করেছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিইএসসি-র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে কলকাতা-সহ সমগ্র রাজ্যের পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনো বিল মেটাতে হবে না। এছাড়া দমকলের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও পুজো কমিটিগুলিকে সম্পূর্ণ ফি ছাড় দেওয়া হচ্ছে।
আর্থিক সুবিধার পাশাপাশি পুজোর দিনগুলিতে কঠোর বিধিনিষেধের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সর্বত্র নিরঞ্জনের দিন ডিজে বাজানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকছে পূর্ববর্তী সরকারের সময় চালু হওয়া পুজো কার্নিভালও। এছাড়া ধর্মীয় পবিত্রতা বজায় রাখতে অষ্টমীর দিনে রাজ্যের সমস্ত মদের দোকান এবং পানশালা সম্পূর্ণ বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর থিম যাতে এমন না হয়, যা হিন্দু ধর্মের অসম্মান করে, তা নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর সূচনা করবে রাজ্য় সরকার। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপরই রাজ্য়ের পুজোর উদ্বোধন হবে। কোজাগরী লক্ষ্মী পুজোর আগে সব পুজোর নিরঞ্জন করতেই হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
