বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

সিকিমে ভয়াবহ ভূমিধস, জারি সতর্কবার্তা

06 September, 2026 3:25 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, গ্যাংটক:‌ পাহাড় কেটে তৈরি করা হচ্ছিল রাস্তা। তাতেই বড়সড় বিপর্যয়ের মুখে সিকিম। থেমে গেল রাজ্যের মূল নদী তিস্তার গতি। শনিবার রাতের ঘটনা। উত্তর সিকিমের মঙ্গন জেলার তিস্তা ও চ্যাকুং নদীর সঙ্গমস্থলের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনার পর তিস্তা দিয়ে কাদা জল বইতে শুরু করেছে। সিকিমের নিচের দিকে তিস্তা নদী সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। বাসিন্দাদের নদী সংলগ্ন এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, থেং টানেলের বিপরীতে নাগা জঙ্গল এলাকায় ‘নাগা–তোসা রোড’–এর নতুন রাস্তা তৈরির জন্য পাহাড় কাটা চলছিল। তখনই পাহাড়ের ঢালের একটা বড় অংশ ধসে পড়ে। এর ফলে তিস্তা নদীর স্বাভাবিক গতি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, তিস্তা ও চ্যাকুং নদীতে জল জমলেও তিস্তা নদীর স্রোত স্বাভাবিক রয়েছে।
প্রশাসনের আশঙ্কা, নদীতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বাঁধ ভূমিধসের ফলে ভেঙে গেলে বিপুল জলরাশি নিচে আছড়ে পড়তে পারে। সেরকমটা হলে সিকিমের তিনটেক এলাকা এবং কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির বিভিন্ন অংশে হড়পা বানের ভাসিয়ে নিয়ে যেতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখতে সিকিমে পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দা, শ্রমিক, মৎস্যজীবী এবং গাড়ি চালকদের নদী থেকে দূরে থাকতে বলা হয়েছে। মৎসজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। নদীর ঝুলন্ত সেতু পারাপার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik