Bengal Cricket: ভারতের জার্সি গায়ে স্বপ্নের দৌড়, তারপরই নির্বাসন! রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের
কলকাতা: একটা স্বপ্ন মাত্র কয়েক মাসেই কতটা কাছে চলে এসেছিল! বাংলা থেকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার মাটিতে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স। কলম্বোর যুব টেস্টে দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে এবং মাল্টি-ডে সিরিজের ভারতীয় দলে ডাক। কিন্তু সেই উত্থানের মাঝেই আচমকা বড় ধাক্কা। বয়স সংক্রান্ত নথিতে অসঙ্গতির অভিযোগে এবার দু’বছরের জন্য নির্বাসিত রোহিত যাদব। সিএবির পর বিসিসিআইও তাঁর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিক ভাবে সমস্ত ক্রিকেট থেকে সরে যেতে হচ্ছে বাংলার এই লেগস্পিনারকে।

গোটা ঘটনার কেন্দ্রে রোহিতের নথিপত্র। ২০১৪ সালে সিএবিতে নাম নথিভুক্ত করার সময় তাঁর জন্মতারিখ ছিল ৭ জুলাই, ২০০৭। ঠিকানা ছিল উত্তরপ্রদেশ। কিন্তু পরবর্তী আধার আপডেটগুলিতে বদলাতে থাকে সেই তথ্য। ২০১৭ সালে জন্মসাল ২০০৬ করা হয়। ২০২০ সালের নথিতেও ২০০৬ ছিল। তার পর ২০২১ সালে ফের বদলে জন্মসাল করা হয় ২০০৯। ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের আপডেটেও ২০০৯-ই দেখা যায়। ঠিকানার ক্ষেত্রেও উত্তরপ্রদেশ থেকে হাওড়া, পরে লিলুয়ার তথ্য উঠে আসে। একাধিকবার জন্মতারিখ ও ঠিকানা বদলের এই ধারাই শেষ পর্যন্ত তদন্তকারীদের নজরে আসে।
বিষয়টি সামনে আসে বিসিসিআইয়ের নির্দেশে বয়স ও নথিপত্র যাচাইয়ের সময়। সিএবি-র তদন্তে অসঙ্গতিগুলি ধরা পড়ার পর বিষয়টি বোর্ডকে জানানো হয়। এর মধ্যেই অবশ্য রোহিত ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করে ফেলেছেন। সেখানে তাঁর পারফরম্যান্সও ছিল নজরকাড়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের সিরিজেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সিএবির রিপোর্ট বিসিসিআইয়ের কাছে পৌঁছনোর পর পরিস্থিতি বদলে যায়। বোর্ড তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নথি চেয়ে পাঠায় এবং পর্যালোচনার পর দু’বছরের নির্বাসনের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Women Asia Cup: স্মৃতির ব্যাটে রেকর্ডের ঝড়, হংকংকে উড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে ভারতের হুঙ্কার
আরও পড়ুন: Lionel Messi: মেসির ১০ নম্বর কি এবার অবসরে? আর্জেন্টিনার সিদ্ধান্তে বাড়ছে রহস্য
সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাসন কাটার পর কী হবে? বয়সভিত্তিক ক্রিকেটের দরজা আর আগের মতো খোলা থাকবে না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বয়স সংক্রান্ত নথি নিয়ে অনিয়মের ঘটনায় দু’বছরের নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে এবং শাস্তি শেষ হওয়ার পরও বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। ফলে রোহিতের সামনে এখন অন্য রাস্তা—সিনিয়র ক্রিকেট। অর্থাৎ ফিরে আসতে হলে তাঁকে জায়গা করে নিতে হবে রঞ্জি ট্রফির মতো প্রতিযোগিতায়। কয়েক মাস আগেও যে তরুণ স্পিনারের সামনে ভারতীয় ক্রিকেটের দরজা ক্রমশ খুলছিল, আজ সেই দরজাই আচমকা বন্ধ। ফেরার পথ আছে, কিন্তু সেই পথ আর জুনিয়র ক্রিকেটের নয়—সরাসরি বড়দের ক্রিকেটের।
