বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ফিরহাদ হাকিমের দুই সংস্থায় তল্লাশি

03 September, 2026 4:33 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:‌ প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দুই সংস্থায় তল্লাশি চালাল তদন্ত কমিশন। বৃহস্পতিবার নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড এবং হাকিম কেমিক্যালসের দপ্তরে অভিযান চালানো হয়। তদন্তকারীদের সঙ্গে ছিল নিউ আলিপুর থানার পুলিশও। এদিন বিশেষ নজর ছিল সংস্থাগুলির সম্পত্তি ও জমির মালিকানা সংক্রান্ত নথির দিকে। সূত্রের খবর, যে জমির ওপর কারখানা ও সংশ্লিষ্ট পরিকাঠামো গড়ে উঠেছে, সেই জমির কাগজপত্র, তার মালিকানা কার হাতে ছিল এবং কীভাবে জমি সংস্থার ব্যবহারে এল—এই বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি সংস্থার প্রশাসনিক ও আর্থিক নথিও খতিয়ে দেখা হবে। প্রকাশ্য তথ্য অনুযায়ী, হাকিম পলিমেকার্স একটি প্লাস্টিকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রতিষ্ঠাতা হিসেবে ফিরহাদ হাকিমের নাম রয়েছে। সংস্থার দাবি, তারা মূলত বিভিন্ন ধরনের পলিথিন ফিল্ম, ব্যাগ, শিট এবং প্যাকেজিং সংক্রান্ত জিনিসপত্র তৈরি করে। কর্পোরেট নথিতেও হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে ফিরহাদ হাকিমের সরাসরি যোগের তথ্য রয়েছে। সংস্থাটি ২০২৫–এর ২৩ এপ্রিল নথিভুক্ত হয় এবং ফিরহাদ হাকিম সংস্থাটির অন্যতম ডিরেক্টর। তদন্ত কমিশনের অভিযানের সময় কারখানার গেট বন্ধ করে ভেতরে গিয়ে নথিপত্র পরীক্ষা করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর তদন্তকারীরা সেখান থেকে বেরিয়ে যান। তবে তল্লাশিতে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, তা জানানো হয়নি।
পশ্চিমবঙ্গের নতুন সরকার আগের সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম, জমি হস্তান্তর এবং আর্থিক অসঙ্গতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিশন গঠন করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত কমিশনে প্রাক্তন আইপিএস আধিকারিক কে জয়রামনসহ একাধিক সদস্য রয়েছেন। ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত দুই সংস্থায় এদিনের অভিযান ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ফিরহাদ হাকিমের মন্ত্রী থাকাকালীন প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকেও তদন্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। ফলে তদন্তকারীদের হাতে জমা পড়া নথি থেকে শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে, জমির মালিকানা ও ব্যবহার নিয়ে কোনও অনিয়মের প্রমাণ মেলে কি না এবং এর পরবর্তী পদক্ষেপ কী করা হয়—এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। উল্লেখ্য, ২০২৫ সালেও জোহরা বেগম ওয়াকফ এস্টেটের জমি ব্যবহার নিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে এসেছিল। সেই অভিযোগ তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। বর্তমান তদন্ত সেই অভিযোগের সঙ্গে কোনওভাবে জড়িত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদন

Lopa Bhowmik