বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ফারাক্কায় রেললাইনে ব্যাপক ধস

03 September, 2026 2:25 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা:‌তিলডাঙা ও নিউ ফারাক্কার মাঝে রেললাইনে ব্যাপক ধস। বিভিন্ন স্টশনে আটকে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। জোরকদমে শুরু হয়েছে মেরামতির কাজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই রেললাইনের একটি অংশ বসে যায়। রেল সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে, ফারাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনে আচমকাই ধস নামে। একটানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে সরে যাওয়ার কারণেই রেললাইনের একটি অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের কাজ। ঘটনার জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। সূত্রের খবর, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেলসহ একাধিক ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। নিউ জলপাইগুড়িগামী ট্রেন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। আজ দিনভর রেল পরিষেবা বিপর্যস্ত হবে বলেই মনে করা হচ্ছে। ফরাক্কার রেল দপ্তরের এক আধিকারিক বলেন, এদিন বহু ট্রেন নির্দিষ্ট সময়ের বহু পরে বিভিন্ন স্টেশনে ঢুকবে এবং সেখান থেকে ছাড়বে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
একদিকে ক্ষতিগ্রস্ত আপ লাইনে জোরকদমে মেরামতির কাজ চলছে, অন্যদিকে বিকল্প একটি একক লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন রেলের আধিকারিক ও কর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার জন্য কাজ করছেন কর্মীরা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার এবং রেল কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে যাত্রীদের। রেলসূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে। যাত্রীদের খাবার ও পানীয় জলে যাতে সমস্যা না হয় সেদিকেও নজর রাখছে রেল দপ্তর।

প্রতিবেদন

Lopa Bhowmik