বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

Bigg Boss Season 20: বিগ বসের ঘরে এবার কারা? সলমনের শোয়ে ঢোকার দৌড়ে চমকে দেওয়া সব নাম

03 September, 2026 2:58 AM Arko Banerjee
শেয়ার করুন

মুম্বই: অপেক্ষার আর মাত্র কয়েক দিন। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দি ‘বিগ বস ২০’। ফের সঞ্চালকের আসনে বলিউডের ভাইজান সলমন খান। আর শো শুরুর আগেই এই শোয়ের ফ্যানদের মধ্যে স্বাভাবিকভাবে যে প্রশ্ন ঘুরছে, এবার সলমনের ঘরে কাদের দেখা যাবে? নির্মাতারা এখনও প্রতিযোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেননি। তবে একের পর এক নাম ঘিরে জোরদার হচ্ছে জল্পনা।

সাম্প্রতিক রিপোর্টে যে নামগুলি সবচেয়ে বেশি ঘুরছে, তার মধ্যে রয়েছেন অভিনেতা আমন গান্ধী এবং অভিনেত্রী ঈশা রিখি। ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ খ্যাত আমনকে নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনই গায়ক বাদশার প্রাক্তন স্ত্রী ঈশা রিখির নামও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঈশাকে নিয়ে কথাবার্তা বেশ এগিয়েছে।

শুধু টেলিভিশন তারকা নয়, এবারের সম্ভাব্য তালিকায় রয়েছে একাধিক চমক। ক্রীড়াজগত থেকে অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমের নাম নিয়েও জল্পনা রয়েছে। পাশাপাশি অভিনেতা করণ ওয়াহি, সমাজমাধ্যমে তারকা আরিশফা খান, ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে, টেলি তারকা মাহি বিজ, জেন-জি আন্দোলনের সময় খবরে আসা সমাজমধ্যম তারকা রিয়া আহির, স্পোটসভিলা জয়ী কুশল তনওয়ার এবং  গায়ক কাজি তৌকিরের নামও ঘুরছে। তবে এদের প্রত্যেকের ক্ষেত্রেই আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও মেলেনি।

আরও কয়েকটি নাম নিয়ে জোর আলোচনা রয়েছে। অভিনেতা রজত বেদির নাম নিশ্চিত বলে জানিয়েছিল ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। নীতি টেলর, প্রাক্তন অভিনেত্রী ও প্রাক্তন ক্রিকেট তারকা ও রাজ্যসভার সাংসদ হরভজন সিংয়ের পত্নী গীতা বেসরা এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শোয়িক চক্রবর্তীর নামও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। একাধিক নির্ভরযোগ্য রিপোর্টে গীতা ও শোয়িকের যোগদান চূড়ান্ত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন রীতি তিওয়ারি। অভিনেতা-গায়ক-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতির নাম নিয়েও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে খবর প্রকাশিত হয়েছে। ফলে এবারের তালিকায় টেলিভিশন, সিনেমা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রীড়াজগত—বিভিন্ন ক্ষেত্রের মুখ দেখা যেতে পারে।

আরও পড়ুন: ‘দায়রা’ দেখে শিউরে উঠছেন কারিনা! দুই ছেলের মা হিসেবে কেন আতঙ্কে বলিউড ‘বেবো’?

এবারের ‘বিগ বস’ আরও একটি কারণে আলাদা। ২০তম মরশুমকে ঘিরে ইতিমধ্যেই একাধিক নতুন টুইস্টের ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। প্রথম প্রোমোতে সলমন নিজেই ‘করণ অর্জুন’-এর প্রসঙ্গ তুলে রহস্য বাড়িয়েছেন। ফলে পুরনো কোনও মুখ ফিরবেন কি না, তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

সব মিলিয়ে নামের তালিকা যত লম্বা হচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। তবে শেষ কথা বলবে গ্র্যান্ড প্রিমিয়ারই। কারণ ‘বিগ বস’-এর ঘরের দরজা খোলার আগে পর্যন্ত জল্পনার তালিকায় থাকা কোনও নামকেই একেবারে চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই।

প্রতিবেদন

Arko Banerjee