নেপালে বান বিপর্যয়ের মাঝেই লুঠের অভিযোগ !
কাঠমান্ডু : একদল যখন খরস্রোতা নদীর প্লাবনে জীবন বাঁচানোর তাগিদে লড়াই করছেন।
অন্যদল তখন হিসাব কষছিল লক্ষ লক্ষ টাকার ! নেপালে প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলার মাঝেই সামনে এল এক ঘৃণ্য চুরির কাহিনি। ভটেশিয়া ও ত্রিশূলী নদীর প্লাবনে ভেসে আসা ব্যাংকের একটি শক্তিশালী ভল্ট ভেঙে কোটি কোটি নেপালি রুপি লুটের ঘটনায় পুলিশ একযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। শুধু তা-ই নয়, প্লাবণে ভেসে আসা মৃতদেহের গহনা খুলে নেওয়ার মতো হাড়হিম করা অমানবিক ঘটনারও সাক্ষী রইল উদ্ধারকারী দল।
পুলিশ সূত্রে খবর, রসুয়া জেলার ভোটাকোশী এলাকায় প্রলয়ংকারী বন্যায় ভেসে যায় একটি স্থানীয় ব্যাংকের বিশাল ভল্ট। পাহাড়ি নদীর তীব্র টানে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই ভল্ট গিয়ে পৌঁছায় ধাদিং জেলার গালছি গ্রাম পঞ্চায়েত-৪ এলাকার বেলখুখোলায়, ত্রিশূলী নদীর তীরে।
জেলা পুলিশ খবর পায় যে, নদীর চরে একটি বিশালাকার ভল্ট পড়ে থাকতে দেখে উৎসুক স্থানীয় অধিবাসীদের একটি দল সেটিকে ভেঙে ফেলে। ভল্টের ভেতরে থাকা কোটি কোটি টাকার নগদ অর্থ তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে চম্পট দিয়েছে। খবর পাওয়ামাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে।
প্রাথমিক তদন্ত ও অভিযানে পুলিশ ২৯ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে নগদ ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা) উদ্ধার করা হয়েছে। ধাদিং পুলিশ জানিয়েছে, ধৃতদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এদের মধ্যে বেশিরভাগই গালছি-৪ এলাকার মাস্তার গ্রামের বাসিন্দা। পাশাপাশি গালছি-৬, সিদ্ধালেক এবং চিতওয়ান ও পৈর্সা থেকে আসা কিছু পরিযায়ী ব্যক্তিও এই লুটেরায় শামিল ছিল। ভল্টটি ঠিক কোন ব্যাংকের এবং এর ভেতরে মোট কত টাকা ছিল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে অমানবিকতার শেষ এখানেই নয়। বন্যায় প্রাণ হারানো এক মহিলার মৃতদেহ নিয়ে যা ঘটল, তা দেখে হতবাক সারা দেশ। নারায়ণী নদীর জলে ভেসে আসা এক দুর্ভাগা মহিলার লাশ থেকে সোনা চুরি করার অপরাধে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নেটদুনিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যায় জলে ভাসমান লাশের কান ছিঁড়ে সোনার দুল খুলে নিচ্ছে দুই ব্যক্তি। চরম অমানবিকতার এই ভিডিওর সূত্র ধরেই অভিযুক্তদের শনাক্ত করে নিজেদের হেফাজতে নিয়েছে নেপাল পুলিশ।
বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ আড়াই হাজার
অন্যদিকে, নেপালের প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতি ক্রমান্বয়ে আরও মারাত্মক আকার ধারণ করছে। দেশের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA) শনিবার প্রকাশিত তাদের নতুন পরিসংখ্যানে জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৬ জনে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো নিখোঁজের সংখ্যা। শুক্রবার রাত পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১,৯২৪ থাকলেও শনিবার সরকারি তথ্যে জানানো হয়, প্রায় ২,৪২৬ জন নাগরিকের এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। এ ছাড়া অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর।
গত তিন দিন ধরে চলা টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে পুরো নেপালজুড়ে সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন চালাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। একদিকে যখন স্বজনহারাদের কান্নায় ভারী নেপালের বাতাস, অন্যদিকে তখন দুর্যোগের সুযোগ নিয়ে লুটে নেওয়ার এই ঘৃণ্য মানসিকতা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে।
