বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির এই মাসেই ঘূর্ণিঝড়ের দাপটে ভাসতে পারে বাংলা আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

কথা দিয়েও কথা রাখেননি বিরাট কোহলি, শেষ হয়ে গিয়েছে কেরিয়ার, অভিযোগ প্রাক্তন স্পিনারের

23 October, 2026 3:19 PM UTSAB RC
শেয়ার করুন

মুম্বই: আচমকা শেষ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক কেরিয়ার। শেষটা মোটেই সুখকর ছিল না। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচটিই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন অমিত মিশ্র। ওই ম্যাচে চোট না পেলে তিনি হয়তো আরও কিছুদিন জাতীয় দলে খেলতে পারতেন। তৎকালীন প্রধান কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলি, দুজনের কাছ থেকেই তিনি দলে ফেরার স্পষ্ট আশ্বাস পেয়েছিলেন। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার পর কোহলি তাঁর ফোন বা বার্তার কোনও জবাবই দেননি। একটি পডকাস্টে এসে এমনই অভিযোগ করলেন অমিত মিশ্র।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে ‘বইঠ অ্যান্ড বোল’ পডকাস্টে অমিত মিশ্র জানান, বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটিই ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। তাঁর দাবি, “ওই সময় বেঙ্গালুরুতে আমার পায়ে চোট লাগে। মাঠ ছেড়ে যাওয়ার সময় অনিল ভাই কোচ ছিলেন। আমি ওঁকে বললাম, ‘অনিল ভাই…’। উনি বললেন, ‘চিন্তা করো না। ফিট হলেই তুমি নিজে থেকেই দলে ফিরে আসবে।” এরপরই অমিত মিশ্রের অভিযোগের তির বিরাটের দিকে। তিনি বলেন, “এরপর বিরাট কোহলি অধিনায়ক হলেন। আমি বিরাটকেও জিজ্ঞেস করেছিলাম, ‘ভাই, আমাকে কী করতে হবে?’ ও বলেছিল, ‘তুমি চিন্তা করো না। পুরোপুরি ফিট হয়ে নাও, তাহলেই তুমি দলে আছ।”

সুস্থ হয়ে ওঠার পর অমিত মিশ্র কোহলিকে মেসেজ পাঠিয়ে দলে ফেরার বিষয়ে জানতে চান। তাঁর দাবি, কোহলি সাত থেকে দশ দিনের মধ্যে জানাবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু আর কোনও খবর দেননি। পডকাস্টে নিজের যন্ত্রণা নিয়ে ভারতের প্রাক্তন স্পিনার বলেন, “আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘ভাই, পরিস্থিতিটা কী?’ ও বলল, ‘এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তোমাকে জানাব।’ তারপর এক সপ্তাহ গেল, দুই সপ্তাহ গেল, তিন সপ্তাহ গেল, ওর কাছ থেকে কোনও খবরই এল না। আমি ফোন করলাম, ও ফোন ধরল না। মেসেজ করলাম, উত্তর এল না।” তাঁর অভিযোগ, কোহলি প্রতিশ্রুতি রাখেননি।

অমিত মিশ্র জানান, তাঁর চেয়েও অনেক বেশি সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা অন্য ক্রিকেটাররা ফিট হওয়ার সঙ্গে সঙ্গেই দলে ফিরে এসেছেন। অথচ তাঁর ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। তিনি বলেন, “আমি আবার ফোন করলাম, ও ধরল না। আরও দুবার করলাম, তাও কিছু নেই… তাই আমিও ছেড়ে দিলাম। ভাবলাম, আর কী করা যায়? কেউ যদি তোমাকে না-ই চায়, তুমি কী করবে? আমার চেয়ে অনেক বেশি চোট পাওয়া, অনেক বেশি দিন মাঠের বাইরে থাকা ক্রিকেটাররা ফিরে এসেছে… অথচ আজ পর্যন্ত আমি কোনো উত্তর পাইনি।”

ট্যাগ: Amit Mishra Virat Kohli
প্রতিবেদন

UTSAB RC