বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অন্নপূর্ণা যোজনায় নাম তোলার ফের সুযোগ, শুক্রবার থেকে তিনদিনের ‘সেবা সেতু অভিযান’

01 October, 2026 4:34 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: অন্নপূর্ণা যোজনায় নাম তোলার নতুন সুযোগ পাচ্ছেন বাংলার মহিলারা। শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির। নাম ‘সেবা সেতু অভিযান’। সেখানে অন্নপূর্ণা যোজনার ফর্মের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের জন্যও আবেদন করা যাবে।

কেন এই শিবির

রাজ্যের প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকছে। তবে অনেকেই এখনও প্রকল্পের সুবিধা পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘যোগ্য’ সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই এবার বঞ্চিতদের সামনে নাম তোলার সুযোগ এনে দিচ্ছে এই শিবির।

কোন কোন প্রকল্পের আবেদন

শিবিরে আয়ুষ্মান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড ও পিএম কিষান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের মোট ২০টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে। সঙ্গে মিলবে অন্নপূর্ণা যোজনার ফর্মও।

কলকাতার ১৬টি বরো এবং রাজ্যের সমস্ত ব্লকেই শিবির চলবে। কোন ওয়ার্ডের ক্যাম্প কোথায় বসবে, তার বিস্তারিত তালিকা কলকাতা পুরসভা তাদের সমাজমাধ্যমে প্রকাশ করেছে। যেমন:

  • ওয়ার্ড ১, ২ ও ৬: উত্তরণ কমিউনিটি হল, এফসিআই গোডাউনের কাছে, গোপাল চন্দ্র চ্যাটার্জি রোড।
  • ওয়ার্ড ৩, ৪ ও ৫: পুবালি কমিউনিটি হল, খেয়ালি পার্কের কাছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে সরকারি আধিকারিকরা শিবিরে উপস্থিত থাকবেন। একাধিক ব্যাঙ্কেরও কাউন্টার খোলার কথা রয়েছে।

সাধারণ মানুষের উৎসাহ এবং বিভিন্ন কাউন্টারে ভিড়ের সম্ভাবনা মাথায় রেখে তিনদিনই প্রতিটি শিবিরে বাড়তি পুলিশি নিরাপত্তার জন্য লালবাজারকে জানিয়েছে কলকাতা পুরসভা। সেই মতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। তার আগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প আরও নিবিড়ভাবে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বিশেষ অভিযান। শিবিরের খবর সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে বিধায়কদেরও সাহায্য করতে বলা হয়েছে।

প্রতিবেদন

UTSAB RC