মাদকবিরোধী অভিযান:ইকো পার্কে ধ্বংস করা হল প্রায় ৩১ কোটির মাদকদ্রব্য
সংবাদদাতা, নিউটাউন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নেশামুক্ত ভারত অভিযান’-কে কেন্দ্র করে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার কথা জানানো হয়েছে। মাদকাসক্তি ও মাদকচক্রের সঙ্গে বিভিন্ন অপরাধের যোগ থাকার বিষয়টি তুলে ধরে এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ-সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। উত্তরবঙ্গ ও কলকাতাতেও মাদকবিরোধী অভিযানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বুধবার ইকো পার্কের হেলিপ্যাডে বুলডোজার দিয়ে ধ্বংস করা হল প্রায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য এর আগে বালুরঘাটে প্রায় ২০ কোটি টাকার মাদকদ্রব্য নষ্ট করা হয়েছিল। সরকারের দাবি, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।
মাদক মামলায় এক বড় অভিযুক্তকে অসম থেকে গ্রেফতারের কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি জাভেদ শামিম। অভিযানে সাফল্য এবং মাদক মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য STF টিমকে ধন্যবাদ জানান তিনি। এর পাশাপাশি নিষিদ্ধ কাফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলির যাবতীয় তথ্য প্রকাশ্যে আনারও ইঙ্গিত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করা হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য এবং সাংবাদিক বৈঠকের আয়োজনের কথাও বলা হয়েছে।
