বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

৪ বার তুললেই পকেটে টান! স্টেট ব্যাঙ্কে নগদ তোলার নিয়মে বড় বদল, বাড়বে খরচ

21 August, 2026 5:03 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

মুম্বই : আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহক?

মাসে একাধিকবার ব্যাঙ্ক থেকে নগদ টাকা তোলার অভ্যাস রয়েছে ? তবে এই খবরটি আপনার জন্যই। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের পরিষেবা শুল্কে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে যাদের ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট’ (BSBD) অ্যাকাউন্ট বা শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে চারবারের বেশি নগদ টাকা তোলার ক্ষেত্রে গুনতে হবে বাড়তি মাশুল।

নতুন নিয়ম অনুযায়ী, মাসে চারবার পর্যন্ত ব্যাঙ্ক শাখা থেকে বিনামূল্যে নগদ টাকা তোলা যাবে। তবে সেই সীমা পেরোলেই পঞ্চম বার থেকে প্রতিটি নগদ লেনদেনের জন্য গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ১৫ টাকা, সঙ্গে যুক্ত হবে জিএসটি (GST)। আগে চারবারের পর অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক ৮ টাকা করে চার্জ নিত, যা এবার প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১৫ টাকা করা হচ্ছে।

কাদের ওপর পড়বে এই প্রভাব?

সাধারণত নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, প্রথমবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা গ্রাহক কিংবা যেসব অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বাধ্যবাধকতা থাকে না, তাদের জন্যই মূলত এই ‘বিএসবিডি’ (BSBD) অ্যাকাউন্ট তৈরি করা হয়। সংসার খরচ, বাড়ি ভাড়া বা দৈনন্দিন কেনাকাটার জন্য যারা অল্প অল্প করে একাধিকবার টাকা তোলেন, চারবার বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করা তাদের পক্ষে বেশ সহজ। ফলে মাস শেষে বাড়তি টাকা গোনার কোপ তাদের পকেটেই সবচেয়ে বেশি পড়তে চলেছে।

ডিজিটাল লেনদেনে ছাড়

অবশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল শাখা থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে (Branch Channel) এই নতুন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ডিজিটাল ট্রান্সফার বা কোনো নন-ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ কাটা হবে না। অর্থাৎ, অনলাইন বা ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেন আগের মতোই সম্পূর্ণ নিখরচায় করা যাবে।

কীভাবে বাঁচাবেন টাকা?

আর্থিক বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে এই চার্জ বৃদ্ধি বাজেট বজায় রেখে চলা গ্রাহকদের চিন্তায় ফেলতে পারে। তাই অযথা অতিরিক্ত চার্জ এড়াতে গ্রাহকদের কয়েকটি বিষয় খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে:

  • মাসে শাখা থেকে নগদ টাকা তোলার হিসাব রাখুন, যাতে চারবারের সীমা পেরিয়ে না যায়।

  • প্রয়োজন বুঝে একবারে বেশি টাকা তুলে রাখার চেষ্টা করুন, যাতে বারবার ব্রাঞ্চে যেতে না হয়।

  • কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে ক্যাশের বদলে ইউপিআই (UPI) বা নেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল মাধ্যম বেশি ব্যবহার করুন।

ফলে আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, তবে এখন থেকেই সচেতন হন, তা না হলে সামান্য ভুলেই পকেট থেকে খসে যেতে পারে বেশ কিছুটা টাকা!

প্রতিবেদন

Sumantra Mukherjee