বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‌গুপ্তা ব্রাদার্সে দাদাগিরি বিজেপি নেতার

18 August, 2026 8:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি যুবনেতার দাদাগিরি। এবার দক্ষিণ কলকাতায়। সাধ হয়েছিল মিষ্টি খাওয়ার। কিন্তু দোকানে গিয়ে মিষ্টি চেখে তা মনে ধরেনি। অভিযোগ, তার ফলেই রীতিমতো তাণ্ডব চালানো হয় বালিগঞ্জের ঐতিহ্যবাহী ‘‌গুপ্তা ব্রাদার্স’‌–এ। অভিযুক্তের নাম বিবেক ত্রিপাঠি। তিনি বালিগঞ্জ বিধানসভার ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব সভাপতি। বিবেক এবং তাঁর এক বন্ধুর বিরুদ্ধে দোকানের ম্যানেজার ও কর্মচারীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। জানা গেছে, এই ঘটনায় এক কর্মচারীর আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে।
অভিযোগ, দোকানের মিষ্টি অপছন্দ হওয়ায় বিবেক ও তাঁর বন্ধু কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দোকানের ম্যানেজার ও কর্মচারীদের ওপর তাঁরা চড়াও হন। মারধরের হাত থেকে রেহাই পাননি বয়স্ক কর্মচারীরাও। এই ঘটনার পর কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান কর্তৃপক্ষ। আহত এক কর্মী জানিয়েছেন, ‘‌দুজন এসে একটি কাজু বরফি এবং একটি গোলাপজামুন দিতে বলেন। খাওয়ার পর প্রশ্ন করেন, গোলাপজামুন মিষ্টিটি কবে কার? আমরা বলি যে সেটি একেবারে টাটকা। আজই বানানো হয়েছে। কিন্তু কোনও কথা না শুনেই তাঁরা গালাগাল দিতে শুধু করেন। আমরা যখন প্রতিবাদ করি, তখন আমাকে চড় মারে। ম্যানেজার এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনিও মার খান। বলে যে দোকানের বাইরে আয়। আমরা বিজেপি করি।’‌ গুপ্তা ব্রাদার্সের বালিগঞ্জ শাখার ম্যানেজার জানিয়েছেন, ‘‌বিগত ১২০ বছর ধরে দোকান চালাচ্ছি, কোনওদিন এমন ঘটনা ঘটেনি।’‌ ঘটনার নিন্দা করে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, দলীয় নেতা ও কর্মীদের দাদাগিরি বিজেপি বরদাস্ত করবে না। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik