বসার সিটে মুড়ি চানাচুর, বনগাঁ লোকালে দেদার চলছে মদের আসর !
নিজস্ব প্রতিবেদন : বসার সিটে মুড়ি চানাচুর। চলন্ত ট্রেনে দেদার চলছে মদের আসর। বাইরে ছুটছে রাতের অন্ধকার, আর বনগাঁ লোকালের কামরায় তখন অন্য ছবি। সিটের উপর মুড়ি-চানাচুর ছড়ানো, পাশে মদের বোতল। দেখে মনে হবে, লোকাল ট্রেন নয়, বুঝি চলন্ত মদের আসর! এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে সরব নিত্যযাত্রীদের একাংশ।
অভিযোগ, রাত ৯টা ৫০ মিনিটের বনগাঁগামী এই ট্রেনে এমন দৃশ্য নতুন নয়। দিনের পর দিন একই ছবি দেখে আসছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, দমদম থেকে ট্রেন ছাড়ার পরই একটি গোটা সিট দখল করে বসে মদের আসর। সঙ্গে চলে মুড়ি-চানাচুর। কারণ দমদমের পর থেকে রেলের নজরদারির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এরফলে পাশে বসা তো দূরের কথা, সাধারণ যাত্রীদের অনেকেই ওই জায়গা এড়িয়ে চলেন।
সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে ( এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্যা অ্যাঙ্কর বেঙ্গল), এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন কয়েকজন নিত্যযাত্রী। তাঁদের অভিযোগ, ওই ব্যক্তিই মদের আসরে ছিলেন। ভিডিয়োয় ওই ব্যক্তিকে নিজের পরিচয় দিতে শোনা যায়। তিনি নিজেকে ফল বিক্রেতা বলে দাবি করেন। তবে কেন তিনি এবং তাঁর সঙ্গীরা ট্রেনের একটি গোটা সিট দখল করে এমন আসর বসিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
নিত্যযাত্রীদের আরও অভিযোগ, এ কোনও একদিনের ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই রাতের এই বনগাঁ লোকালে এমন ছবি দেখা যাচ্ছে। রাজ্যে সরকার বদলেছে, কিন্তু রাতের ট্রেনের এই ‘রুটিন’ বদলায়নি।
যাত্রীদের দাবি, রাতে লোকাল ট্রেনে নজরদারি বাড়ানো হোক। চলন্ত ট্রেনকে মদের আসরের জায়গা বানানোর প্রবণতা বন্ধ করতে রেলকে আরও কড়া হতে হবে।
