ডেঙ্গি প্রতিরোধে বাগুইআটিতে কর্মসূচি অগ্নিমিত্রার
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ব্যাপক হারে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার হাজার। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। ২ সেপ্টেম্বর পর্যন্ত মহানগরে সংক্রমিত হয়েছেন ৪০২ জন। গত সাত দিনে আক্রান্তের সংখ্যা ৬২। ডেঙ্গি সংক্রমণে রাশ টানতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে কলকাতা এবং বিধাননগর পুরসভা। মঙ্গলবার বিধাননগর পুরসভার উদ্যোগে এবং বাগুইআটি বাজার সমিতি ও ভিআইপি সুপার মার্কেটের সহযোগিতায় অনুষ্ঠিত হল এমনই এক কর্মসূচি।
চাউলপট্টি এলাকায় রাস্তার ওপর মঞ্চ বেঁধে চলল ডেঙ্গি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধাননগর পুরসভার কমিশনার রবি আগরওয়ালসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অগ্নিমিত্রা বলেন, সচেতনতাই একমাত্র হাতিয়ার, যা ডেঙ্গি প্রতিরোধে সাহায্য করতে পারে। তিনি বাড়িতে বা পথেঘাটে জমা জল পরিষ্কারের ওপর জোর দেন। সেই সঙ্গে জ্বর হলে যত তাড়াতাড়ি সম্ভব রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন করেন। বলেন, এলাকাবাসীর যে কোনও প্রয়োজনে পুরসভা সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন বাজার সমিতির সভাপতি রঞ্জন ব্যানার্জি। তিনি বলেন, বাগুইআটি অত্যন্ত জনবহুল একটি এলাকা। এখানকার রাস্তার আয়োতন বড় করা দরকার। আগে দু’বার রাস্তা বড় করার জন্য দোকান মালিকরা জায়গা ছেড়েছিলেন। প্রয়োজন হলে আরও একবার কিছু্টা জায়গা ছেড়ে দিতে রাজি আছেন তাঁরা। কিন্তু তার পরে যেন আর জমি অধিগ্রহণ করা না হয়। সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের পর একটি বিরাট পদযাত্রার আয়োজন করা হয়। যা এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিভ্রমণ করে। কয়েকশো মানুষ এই পদযাত্রায় অংশ নেন। অনুষ্ঠান শেষে ডেঙ্গি প্রতিরোধের ব্যবস্থা হিসেবে ২০ জন এলাকাবাসীকে মশারি বিতরণ করা হয়। এ ছাড়াও বিতরণ করা হয় বর্জ্য ফেলার পাত্র।
