রায়গঞ্জে AIIMS এবং জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল করবে রাজ্য, উত্তরবঙ্গে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা, রায়গঞ্জ: বৃহস্পতিবার প্রথমবার উত্তর দিনাজপুর জেলা সফরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। বেলা বারোটায় রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জেলার চার বিধায়ক এবং মন্ত্রীরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। প্রশাসনিক বৈঠক শেষে বেলা দু’টো নাগাদ স্থানীয় তিস্তা ময়দানে জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছু প্রকল্পের কথা ঘোষণা করেন।
সভামঞ্চ থেকেই পরপর পাঁচটি সরকারি প্রকল্পের প্রথম ধাপে পঁচিশজন উপভোক্তার হাতে সরাসরি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। ১২৫ দিনের পরিবর্তিত কর্মসংস্থান হিসাবে ‘বিকশিত ভারত জি রাম জি প্রকল্প’-সহ আয়ুষ্মান ভারত কার্ড ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা এবং অন্নপূর্ণা ভান্ডার ও সারথী প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেল বিলি-সহ মোট পাঁচটি সরকারি প্রকল্পের পরিষেবা যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রশাসনিক বৈঠকস্থলের অদূরে তিস্তা ময়দানে আয়োজিত মুখ্যমন্ত্রীর জনসভায় প্রায় পঞ্চাশ হাজারের বেশি দলীয় কর্মী সমর্থক যোগদান করেছে বলে জানায় বিজেপির জেলা নেতৃত্ব তরফে স্পষ্ট দাবি করা
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রায়গঞ্জের দিগনগর এলাকায় একটি AIIMS হাসপাতাল তৈরির প্রস্তাব খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। বিধানসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গে এইমস তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এছাড়াও জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরিরও ঘোষণা করা হয়। ।
