ইমরান হাশমির বাড়িও রেইকি হয়, ক্রাইম ব্রাঞ্চের রিপোর্টে চাঞ্চল্য়কর তথ্য়

মুম্বই: টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টির ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে জানানো হয়েছে, ‘টাইগার শ্রফ শুটারদের মূল লক্ষ্য ছিলেন না।’ হেভিওয়েট সেলিব্রিটির তালিকায় নাম ছিল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের। পুলিশের দাবি, আততায়ীদের প্রাথমিক নিশানায় ছিলেন ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমিও। বাড়ির ঠিকানা খুঁজে না পাওয়ার জন্যই ইমরানের কান ঘেষে বিপদ কেটেছে তা বললে অত্যুক্তি হবে না।
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে, ইমরান হাশমির বাড়িতে রেইকি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ির সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় সেই কাজ ব্যর্থ হয়। তদন্তকারীরা জানিয়েছেন, টাইগার শ্রফের উপর হামলার আগে অভিযুক্তরা সলমন খান এবং আমির খানের বাড়িতেও রেইকি করেছিল। এক পুলিশ আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সলমন খান বরাবরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। এবার আমির খানের বাড়িতেও রেইকি করেছিল। তবে আমির খানের ঠিকানা এখন দক্ষিণ মুম্বই সেটা ওরা জানত না। ফলে ওঁর বাড়ি খুঁজে পায়নি।”
এরপর হামলাকারীদের ইমরান হাশমির বাড়িতে রেইকি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্থানীয়দের কাছে খোঁজখবর নিয়েও তারা তাঁর বাড়ির সন্ধান পায়নি। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক আরও বলেন, “এরপর সোশাল মিডিয়ায় টাইগার শ্রফের রিলস দেখে তাঁকে নিশানা করার সিদ্ধান্ত নেয়। তারা জানতে পারে, প্রতি রবিবার জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান টাইগার শ্রফ।”
টাইগারের উপর হামলার ঘটনার পর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত রবিবারের ফুটবল সেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘অল স্টারস ফুটবল ক্লাব’। ক্লাবের প্রতিষ্ঠাতা বান্টি ওয়ালিয়া ২৫ অক্টোবরের অনুশীলন পর্ব বাতিল করেছিলেন। পাশাপাশি, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভবিষ্যতের সমস্ত ফুটবল কার্যকলাপও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের কবে থেকে অনুশীলন শুরু হবে সেই বিষয়ে প্রশাসনের পরামর্শ নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই ফুটবল ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রণবীর কাপুর, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। সাম্প্রতিক গুলি চালানোর ঘটনার পর তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কবে থেকে ফের রবিবারের ফুটবল সেশন শুরু হবে, তা এখনও জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফুটবলের সমস্ত কার্যক্রম বন্ধই থাকবে বলে জানা গিয়েছে।
