লাভপুরে রাম মন্দিরে ভাঙচুর, তদন্তে বীরভূম জেলা প্রশাসন

সংবাদদাতা, বীরভূম: রাতের অন্ধকারে বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা এলাকায় একটি রাম মন্দিরে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্থানীয় বাসিন্দারা সকালে মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখেন যে রামমূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বীরভূম জেলা পুলিশ সুপার, বোলপুর অ্যাডিশনাল এসপি, বোলপুর এসডিপিও এবং লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ করে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার জানান, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সময় চাওয়া হয়েছে। কে বা কারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে যুক্ত, তা খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ঘটনার বৈজ্ঞানিক তদন্তের জন্য ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা আছে। পুলিশ এলাকায় টহল দিচ্ছে।
