বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

বড় সুরক্ষা SBI গ্রাহকদের, সাইবার হানা রুখতে এসে গেল সাইরিস

27 October, 2026 3:06 PM UTSAB RC
শেয়ার করুন

মুম্বই: ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) চালু করল সাইবার নিরাপত্তা বিষয়ক ‘সেন্টার অফ এক্সিলেন্স’ সাইরিস (CyRIS)। সাইবার নীতি, সাইবার অ্যাকাডেমি, উদ্ভাবন, গবেষণা, হুমকির তথ্য সংগ্রহ ও সাইবার প্রতিরক্ষা, এই সবকিছুকে একই মঞ্চে একসঙ্গে আনা হয়েছে। আর্থিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা জোরদার করার পথে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নতুন ধরনের হুমকি আগে থেকে আঁচ করা এবং একটি নিরাপদ ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

আর্থিক পরিষেবা দপ্তরের সচিব সঞ্জয় লোহিয়া এই কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এসবিআইয়ের চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি এবং সরকার ও ব্যাঙ্কের একাধিক শীর্ষ আধিকারিক। সাইরিস এসবিআইয়ের আগাম সতর্কতা ও তথ্যভিত্তিক সাইবার সুরক্ষার ভাবনাকে আরও মজবুত করবে। এর ফলে ব্যাঙ্ক নতুন হুমকি আগেভাগে চিহ্নিত করতে, দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে এবং বদলাতে থাকা সাইবার দুনিয়ায় এক ধাপ এগিয়ে থাকতে পারবে। কেন্দ্রটি তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে: THINK, INNOVATE এবং DEFEND।

এই কেন্দ্র বিশেষ জোর দেবে হুমকির তথ্য সংগ্রহ, সাইবার প্রতিরক্ষা, ডিজিটাল ফরেনসিক, ম্যালওয়্যার বিশ্লেষণ, এথিক্যাল হ্যাকিং, জালিয়াতি বিশ্লেষণ, এআই সুরক্ষা এবং কোয়ান্টাম-সুরক্ষিত প্রযুক্তির মতো ক্ষেত্রে। সাইবার হুমকি এখন একটি প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে, তাই সরকার, নিয়ামক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি অংশীদারদের সঙ্গে সহযোগিতাও গড়ে তুলবে সাইরিস। উদ্বোধনে এসে এসবিআই চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি বলেন, গ্রাহকের আস্থা ও ডিজিটাল আর্থিক ব্যবস্থার সহনশীলতার ভিত্তিই হল সাইবার নিরাপত্তা। সাইরিস নতুন হুমকি আগেভাগে আঁচ করার এবং বদলাতে থাকা সাইবার পরিস্থিতিতে এগিয়ে থাকার ক্ষমতা বাড়াবে।

সচিব সঞ্জয় লোহিয়া বলেন, ভারতের আর্থিক ব্যবস্থা যত ডিজিটাল হচ্ছে, উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে সাইবার সহনশীলতাও বাড়াতে হবে। পুরো ব্যবস্থার সক্ষমতা, সহযোগিতা ও প্রস্তুতি বাড়ানোর জন্য সাইরিস একটি সময়োপযোগী উদ্যোগ। এসবিআই বহুস্তরীয় নিরাপত্তা নিয়ন্ত্রণ, নিয়মিত অডিট, দুর্বলতা পরীক্ষা ও শক্তিপোক্ত ঘটনা-মোকাবিলা ব্যবস্থার মাধ্যমে তাদের সাইবার নিরাপত্তা কাঠামো ক্রমাগত মজবুত করছে। হুমকি শনাক্তকরণ ও পাল্টা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত সাইবার ড্রিল ও কর্মী প্রশিক্ষণও চলছে। ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ১.৮১ লক্ষ ব্যাঙ্ক কর্মী বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা ই-লার্নিং শেষ করেছেন। পাশাপাশি ডিজিটাল সুরক্ষা ও জালিয়াতি প্রতিরোধ নিয়ে গ্রাহকদের সচেতন করার উদ্যোগও চলছে।

প্রতিবেদন

UTSAB RC