রোগী নিয়ে যেতে হচ্ছে খাটিয়ায় চাপিয়ে, ৩০ বছর ধরে রাস্তার অপেক্ষায় ব্লকপাড়া

সংবাদদাতা, মালদা: স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেছে। উন্নয়নের পথে এগিয়ে চলেছে দেশ। অথচ এখনও রাস্তার অভাবে খাটিয়ায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে।
মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সংলগ্ন ব্লকপাড়ার এমন ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। চলছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক দলগুলি
একে অপরের বিরুদ্ধে উগড়ে দিচ্ছে ক্ষোভ। রাজনৈতিক তরজার আড়ালে চাপা পড়ছে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। প্রায় ৩০ বছর ধরে রাস্তার সমস্যায় ভুগে চলেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ঠিক উল্টোদিকেই ব্লকপাড়া। এই এলাকায় প্রায় ১০০টি পরিবারের বসবাস। অথচ এলাকায় ঢোকার উপযুক্ত রাস্তা নেই। একসময় যাতায়াতের রাস্তা থাকলেও বর্তমানে সেই রাস্তার বড় অংশই পুকুরের গ্রাসে চলে গিয়েছে বলে অভিযোগ। ফলে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।
অভিযোগ, রাস্তার অভাবে এলাকায় অ্যাম্বুলেন্স কিংবা দমকলের গাড়ি ঢুকতে পারে না। সাইকেল বা মোটরবাইক নিয়ে যাতায়াত করতেও দুর্ঘটনার আশঙ্কা থাকে। সন্ধের পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে অসুস্থ রোগী ও প্রসূতিদের নিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। জরুরি পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত খাটিয়ার সাহায্য নিতে হয় বাসিন্দাদের।
সম্প্রতি এক অসুস্থকে খাটিয়ায় চাপিয়ে কাঁধে করে নিয়ে যাওয়ার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবি সামনে আসতেই এলাকার পরিকাঠামো ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তা তৈরির দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তা নির্মাণের কাজ এগোয়নি বলে অভিযোগ। ব্লক প্রশাসনের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা সত্ত্বেও কেন এই এলাকার রাস্তার দুর্দশা প্রশাসনের নজরে আসছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন তুলছেন, এত বছর ধরে একটি চলাচলের উপযুক্ত রাস্তা তৈরি করা সম্ভব হল না কেন? এদিকে, রাস্তা নিয়ে এই বিতর্ককে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় তৃণমূল বিধায়ক মতিবুর রহমান রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, প্রাক্তন তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনকে নিশানা করেছেন তিনি।অন্যদিকে, শাসক শিবিরের তরফে বিগত তৃণমূল সরকারের আমলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে ব্লকপাড়ার বাসিন্দাদের মূল দাবি একটাই, অবিলম্বে একটি স্থায়ী ও চলাচলের উপযুক্ত রাস্তা তৈরি করতে হবে।
