১২ ঘণ্টা পর খনিগর্ভ থেকে উদ্ধার ECL–এর ১২ শ্রমিক

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: অবশেষে খনির বাইরে আনা গেল ১২ জন শ্রমিককে। প্রায় ১২ ঘণ্টা পর। পাণ্ডবেশ্বরে ECL-এর কুমারডিহি কয়লা খনির লিফটের তারে সোমবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বিকল হয়ে যায় লিফট। খনির মধ্যে ২০০ ফুট নীচে আটকে পড়েন ১২ জন শ্রমিক। কোনও রকম ঝুঁকি না নিয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করেন ECL–এর সেফটি টিম এবং মেকানিক্যাল টিমের সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে পৌঁছোন জেলা প্রশাসনের আধিকারিক এবং বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ওপর থেকে খাবার এবং জলও সরবরাহ চলতে থাকে। আটকে পড়াদের জন্য অক্সিজেন সাপ্লাইয়েরও ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার সকালে বাইরে বের করে আনা হয় শ্রমিকদের। তারা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছে ECL কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার জন্য নিয়মমাফিক সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধেয় ডুলিতে করে খনির নীচে নামছিলেন কয়েকজন শ্রমিক। পাশাপাশি শিফট শেষ হয়ে যাওয়ায় খনির বাইরেও উঠে আসছিলেন কয়েকজন। তখনই খনিতে ওঠা–নামা করার জন্য ব্যবহার করা হয় যে সিস্টেমের ড্রাম, সেটির একটি তার ডুলিতে আটকে যায়। খনির মধ্যেই আটকে পড়েন শ্রমিকরা। প্রথমে খবর এসেছিল ১৪ জন শ্রমিক খনিগর্ভে আটকে রয়েছেন। কিন্তু মঙ্গলবার সকালে ECL-এর পক্ষ থেকে জানানো হয়, মোট ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন।
সংস্থার আধিকারিক অসীম কুমার বলেন, ‘এটা একটা মেজর ব্রেকডাউন। নিরাপত্তা বজায় রেখে আটক শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।’
