আবার বিয়ের পিঁড়িতে? ভাইরাল গোবিন্দার সাক্ষাৎকার
রিমি দত্ত
সুপারস্টার গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। রোজই জল্পনার আগুনে নতুন করে ঘি পড়ছে। কিছুদিন আগেই স্বামীর পরকীয়া নিয়ে মুখ খুলেছিলেন সুনীতা। সঙ্গে এনেছিলেন ‘সুপার ড্যাডি’ প্রসঙ্গও। স্ত্রীর বক্তব্যের উত্তর দিতে নিজেও ময়দানে নেমে পড়েছিলেন গোবিন্দা। যা নিয়ে বেশ সরগরম হয়ে রয়েছে নেটপাড়া। এরমধ্যেই সামনে এসেছে গোবিন্দার বহু পুরনো একটি সাক্ষাৎকার। যেখানে গোবিন্দা নিজের জন্মকুণ্ডলীর প্রসঙ্গ টেনে দাবি করেছিলেন, তাঁর জীবনে নাকি দুটি বিয়ের যোগ রয়েছে! ঠিক কী বলেছিলেন গোবিন্দা? মন্তব্য করেছিলেন—‘এমন হতেই পারে যে, ভবিষ্যতে আমি অন্য কারও প্রেমে পড়লাম। তাকে আমি বিয়েও করতে পারি। এর জন্য সুনীতাকে সবসময়ই মানসিকভাবে তৈরি থাকতে হবে, যাতে আমি দ্বিধাহীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। কারণ আমার কুণ্ডলীতে স্পষ্ট লেখা আছে যে আমার দুটি বিয়ে হবে।’ শুধু তাই নয়, সহ অভিনেত্রী জুহি চাওলা ও দিব্যা ভারতীর প্রতি তাঁর আকর্ষণের কথাও খোলাখুলি স্বীকার করেছিলেন ‘হিরো নম্বর ১’।
কিন্তু এতদিন পরে কেন ভাইরাল হল অভিনেতার এই সাক্ষাৎকার? আসলে দিন কয়েক আগে বান্দ্রা ফ্যামিলি কোর্টে হাজির হয়েছিলেন সুনীতা ও তাঁদের ছেলে যশবর্ধন। তাতেই আম জনতার মনে সন্দেহ জেগেছিল, হয়তো বা গোবিন্দার সঙ্গে সম্পর্কে ইতি টানতেই আদালতে দৌড়েছিলেন সুনীতা। কিন্তু ঘটনা খোলসা করতে আসরে নামেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। জানান, ইতি টানতে নয়। বরং দূরত্ব মেটাতেই আদালতে গিয়েছিলেন সুনীতা। ২০২৪ সালে দায়ের করা বিচ্ছেদের আবেদনটি এদিন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন গোবিন্দা–পত্নী।
১৯৮৭ সালে গোপনে সুনীতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন গোবিন্দা। প্রায় চারদশকের দাম্পত্য পার করে এখনও গোবিন্দা–সুনীতার সম্পর্ক নিয়ে সরগরম বলিপাড়া।
