তৃণমূল নেতা মাজিদ আনসারিকে গ্রেপ্তার, থানায় ধরনা কুণাল ঘোষের

সংবাদদাতা, কলকাতা: মমতা তৃণমূল নেতা মাজিদ আনসারিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ২০২৩ সালের একটি পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তবে ধৃতের দাবি, বিজেপির বিরুদ্ধে মুখ খোলার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারির খবর পেয়েই আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে বসে পড়েন মমতা তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, চোরবাগান কাণ্ড নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, বিশেষ করে তৃণমূলের সেই সব নেতা-কর্মীদেরই বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। থানার সিঁড়িতে বসে কুণাল বলেন, “ভুয়ো অভিযোগে তুলে আনা হচ্ছে। আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।” দীর্ঘক্ষণ বসে থাকার পর থানার ওসি তাঁকে ভিতরে নিয়ে যান।
চোরবাগানের ঘটনায় প্রভাবশালী যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষোভ দেখিয়েছে, প্রতিবাদ করছে; তাদের পুলিশ দিয়ে হয়রানি, পুরনো বা সাজানো কেসে গ্রেপ্তার শুরু করেছে সরকার। জোড়াসাঁকো, আমহার্স্ট স্ট্রিট থানা নেমে পড়েছে। এর তীব্র প্রতিবাদ করছি। চোরবাগানে মাথাদের ছেড়ে পুলিশ প্রতিবাদীদের কন্ঠরোধে নেমেছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 23, 2026
কুণালের এই ধরনার পালটা থানার সামনেই বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের প্রশ্ন, কুণাল ওই এলাকার বিধায়ক নন, তা হলে তিনি সেখানে এলেন কেন? বিজেপির অভিযোগ, দেশবিরোধীদের বাঁচাতেই তিনি থানায় এসেছেন। কুণালকে ‘দেশদ্রোহী’ বলেও আক্রমণ করেন বিক্ষোভকারীরা। তাঁকে থানা থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে। দু’পক্ষের বিক্ষোভে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
