মালদহে রামকেলিতে বিজেপি কর্মী খুন কাণ্ডে গ্রেপ্তার দুই
মালদহ, সংবাদদাতা: দশমীর রাতে মালদহের রামকেলিতে বিজেপি কর্মী সমীর ঘোষকে কুপিয়ে ও গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মহদিপুর এলাকা থেকে শত্রু ঘোষ ও ছোটন ঘোষ নামে দু’জনকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শত্রু ঘোষ স্থানীয় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শুক্রবারই ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হবে।
পুলিশ জানিয়েছে, গত দশমীর রাতে রামকেলিতে খুন হন বিজেপি কর্মী সমীর ঘোষ। ওই ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছিলেন। ঘটনার রাতেই রঞ্জন ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার মূল অভিযুক্ত শত্রু ও ছোটনকে গ্রেপ্তার করে দ্রুত তদন্ত শুরু করা হয়।
এই ঘটনার পর এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য কঠোর পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। মালদহের পুলিশ সুপার জানিয়েছেন, বর্তমানে রামকেলি ও সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে লাগাতার টহলদারি চালাচ্ছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ।
