বৃদ্ধাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে

বৃদ্ধাকে যৌন হেনস্থার অভিযোগ। গ্রেপ্তার হুগলির উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। বৃহস্পতিবারের ঘটনা। ওইদিন কাকভোরে গাড়িতে চড়ে মাখলা মাকালতলা এলাকায় ঘুরছিল অভিযুক্ত। তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। অভিযোগ, সেই সময়ই তৃণমূল নেত্রীর ছেলে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। তারপরই করা হয় যৌন হেনস্থা। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটি এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পরে বৃদ্ধা উত্তরপাড়া থানায় গিয়ে অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ যুবককে গ্রেপ্তার করে।
বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, টোটো ধরার জন্য রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। অভিযুক্ত তখন আচমকাই তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তারপর যৌন হেনস্থা করতে শুরু করে। চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এই ঘটনায় মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতা তাপস দেব। তাঁর দাবি, এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্তের বাবার বিরুদ্ধেও এক মহিলাকে ভিডিও কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পরই মানুষ এদের বিরুদ্ধে মুখ খুলতে পারছে।
