দশমীর ভোরে অন্ডাল মোড় ফ্লাইওভারে দুর্ঘটনা, আহত ৬
সংবাদদাতা, অন্ডাল: দশমীর ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল। ঠাকুর দেখতে বেরোনোর পথে অন্ডাল মোড় ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি সাদা রঙের স্করপিও গাড়ি। বুধবার রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে মোট ৬ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড গতিতে আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ফ্লাইওভারের ওপরই উল্টে যায়। এই আকস্মিক দুর্ঘটনায় গাড়িতে থাকা ছয়জনের মধ্যে চারজন গুরুতর আহত হন। বাকি দু’জনের আঘাত সামান্য বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক পুলিশের বিশাল বাহিনী। পুলিশি তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে যাত্রীদের গন্তব্য কোথায় ছিল কিংবা তাঁরা কোথা থেকে আসছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান, গাড়ির অতিরিক্ত গতি বা চালকের ক্লান্তির জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে গাড়িটিকে বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
