বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

১২ হাজার ৩০০ টি দশ টাকার কয়েন দিয়ে স্কুটি কিনলেন তেলেঙ্গানার প্রৌঢ়

16 October, 2026 5:39 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, হায়দরাবাদ:  তিন বছর ধরে শুধু ১০ টাকার কয়েন জমিয়েছেন। সেই কয়েন নিয়েই সোজা শোরুমে গিয়ে কিনলেন লক্ষাধিক টাকার স্কুটি। ঘটনাটি তেলেঙ্গানার মনচেরিয়ল জেলার। ৫১ বছরের বি রবি জোসেফের কাণ্ড দেখে হতবাক শো-রুমের কর্মীরা। এই একটাই স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণের জন্যই দোকানে-বাজারে কেনাকাটার সময় যখনই ১০ টাকার কয়েন হাতে আসত, সেটা আর খরচ করতেন না। আলাদা করে সরিয়ে রাখতেন। একদিন দু’দিন নয়, টানা তিন বছর ধরে চলেছে এই কয়েন জমানো। তারপর আসে সেই বিশেষ দিন। জমা করা  ১২ হাজার ৩০০ টি দশ টাকার কয়েন নিয়ে তিনি যান গাড়ির শোরুমে। সেই খুচরো দিয়েই কিনে ফেললেন ১ লক্ষ ২৩ হাজার টাকার হন্ডা অ্যাকটিভা স্কুটি। কর্মীরা সেই টাকা গুণে তাঁর হাতে তুলে দিলেন চাবি। জানা গেছে,  দিন পনেরো আগে হন্ডার একটি শোরুমের সঙ্গে কথা বলেন রবি। বারো হাজার তিনশোটি কয়েন তারা নিতে রাজি কিনা জিজ্ঞেস করেন। শোরুমের ম্যানেজার রাজি হওয়ায় দশ টাকার কয়েন দিয়ে ১ লক্ষ ২৩ হাজার টাকার স্কুটি কেনেন জোসেফ। এভাবেই স্বপ্নপূরণ করলেন প্রৌঢ় রবি। জমিয়ে রাখা স্বপ্ন আর সেই স্বপ্নকে পূরণ করার অদম্য ইচ্ছে যে একদিন স্বপ্ন পূরণের পথ তৈরি করে দেয় তা  করে দেখিয়ে দিলেন রবি জোসেফ। ইতিমধ্যেই বি রবি জোসেফের এই কান্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে কয়েনভর্তি বস্তা নিয়ে রবি জোসেফের গাড়ির শোরুমে যাওয়ার ভিডিও । ( ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য অ্যাঙ্কর বেঙ্গল)।

 

প্রতিবেদন

Lopa Bhowmik