বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

“রাত ১০টাতেও নিরাপদ বোধ করুক প্রত্যেক মহিলা”: দিল্লিতে গণধর্ষণ ঘটনায় পুলিশকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

05 October, 2026 5:29 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে একের পর এক গণধর্ষণের ঘটনায় পুলিশকে আরও কঠোর হতে বলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, যৌন অপরাধের প্রবণতা আছে এমন সমাজবিরোধীদের মনে ভয় ধরাতে হবে। এমন অপরাধ করলে প্রাণ যেতে পারে, এই আতঙ্ক তাদের মধ্যে তৈরি করা দরকার। আদালতের কথায়, “এমন কিছু করেছো, তো মরেছো”, এই ভয়টাই থাকা উচিত অপরাধীদের মনে।

সম্প্রতি দিল্লি ও সংলগ্ন এলাকায় পর পর গণধর্ষণের ঘটনায় গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এই ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে সুপ্রিম কোর্ট। সোমবার শুনানিতে আদালত জানায়, প্রত্যেক মহিলা যাতে নিরাপদ বোধ করেন, তা নিশ্চিত করতে হবে। আদালতের মন্তব্য, রাত ১০টায় দিল্লির রাস্তায় বা মেট্রোতেও যেন প্রত্যেক মহিলা নিরাপদ বোধ করেন। বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ প্রশাসনের নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলে। আদালতের প্রশ্ন, নজরদারি না থাকলে সিসিটিভি কীভাবে অপরাধ ঠেকাবে? ‘ওয়ার রুম’ না থাকলে অপরাধ আটকানো যাবে কীভাবে? পুলিশের উদ্দেশে বেঞ্চের বার্তা, শুধু কাগজে-কলমে নির্দেশ দিলে চলবে না। নিচুতলায় সেই নির্দেশ কার্যকর করতে হবে। আদালত বলে, এ সব বিষয় শুধু লিখে রাখলে কোনও লাভ হয় না, কাজটা মাঠে নেমে করতে হবে।

দিল্লি ও সংলগ্ন এলাকায় গত দেড়-দুই মাসে একাধিক ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছে। কখনও চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, কখনও আবার পুলিশের পরিচয়ে পার্কে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। এক কিশোরীকে টেম্পোয় গণধর্ষণের পর খুনের অভিযোগও উঠেছে। গত সোমবারের শুনানিতে এই ঘটনাগুলির সঙ্গে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের তুলনা টেনেছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল, নির্ভয়াকাণ্ডের যন্ত্রণার সঙ্গে এই ঘটনাগুলির তুলনা না করে পারা যায় না। পুলিশি নজরদারির অভাব নিয়েও সেদিন প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। তাদের মত, পর পর এই ঘটনা পুলিশি ব্যবস্থার ব্যর্থতার দিকেই আঙুল তোলে। আদালত বলেছিল, রাজধানীর ঘটনাগুলি স্পষ্ট দেখিয়ে দেয় যে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন ব্যর্থ হচ্ছে। পর্যাপ্ত আলো, নজরদারি ও অন্যান্য প্রশাসনিক সুযোগসুবিধার অভাবের কথাও তুলে ধরেছিল আদালত।

প্রতিবেদন

UTSAB RC