বৈঠকে মন্ত্রীর আশ্বাস পেয়ে সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের
সংবাদদাতা, কলকাতা: পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কা থেকেই সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলের চুক্তিভিত্তিক আইসিটি শিক্ষকরা। রাতভর চলে তাঁদের অবস্থান। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলে সেই অবস্থান। এরপরই স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে দু’দফায় বৈঠকে বসেন তাঁরা। তার পরই অবস্থান প্রত্যাহার করল আইসিটি ঐক্য মঞ্চ।
আলোচনায় শিক্ষকদের একাধিক দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত যাতে তাঁদের ‘সার্ভিস ব্রেক’ না হয়, সেই লক্ষ্যে টেন্ডারে নির্বাচিত এজেন্সির অধীনেই প্রায় ৩,৭১৯ জন শিক্ষককে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে সূত্রের খবর।
শিক্ষকদের মূল দাবি ছিল চাকরির নিরাপত্তা, এজেন্সির মাধ্যমে নিয়োগের পরিবর্তে সরাসরি সরকারি ব্যবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ এবং বেতন বৃদ্ধি। মন্ত্রী তাঁদের দাবি বাস্তবায়নের জন্য ছ’মাস সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে সরকারের সঙ্গে সরাসরি চুক্তি এবং শ্রম আইন মেনে বেতন কাঠামো তৈরির বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
এর আগে সোমবার প্রায় এক হাজার আইসিটি শিক্ষক সল্টলেকে বিক্ষোভে শামিল হন। তাঁদের অভিযোগ ছিল, ২০২২ সালের আগে-পরে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের শিক্ষকদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে।
মন্ত্রী সঙ্গে বৈঠকের পর আপাতত আন্দোলন প্রত্যাহার করলেন শিক্ষকরা। এখন নজর থাকবে, ছ’মাসের মধ্যে তাঁদের দাবিগুলি বাস্তবে কতটা কার্যকর হয় তার দিকে।
