বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

“অনেক ত্যাগ করেছি, এ বার উপভোগের সময়!” অবসরের ঘণ্টা বাজিয়েই দিলেন রোনাল্ডো

17 August, 2026 1:23 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

রিয়াধ: বিদায়ের দিনক্ষণ এখনও ঘোষণা করেননি। কিন্তু ফুটবল থেকে বিদায়ের ঘণ্টা বাজিয়েই দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সে দাঁড়িয়ে নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরসুমটাই সম্ভবত তাঁর ফুটবলজীবনের শেষ মরসুম। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন। এ বার ক্লাব ফুটবল থেকেও মিলল সরে দাঁড়ানোর ইঙ্গিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন রোনাল্ডো। সেখানেই তিনি জানান, হয়তো আর খুব বেশি দিন ফুটবল খেলবেন না। তাঁর কথায়, “এটাই হয়তো আমার শেষ ফুটবল মরসুম। তাই আমি কিছু একটা ছাপ রেখে যেতে চাই।”

অর্থাৎ, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানাননি ‘সিআর সেভেন’। কিন্তু সম্ভাব্য শেষ মরসুমের কথা নিজেই বলায় জল্পনা অনেকটাই বাস্তবের কাছাকাছি চলে এসেছে। আল নাসেরের জার্সিতে আসন্ন মরসুমটা তাই অন্য রকম গুরুত্ব পেতে চলেছে।

আর সেই সম্ভাব্য শেষ অধ্যায়ের সঙ্গে জুড়ে রয়েছে আরও একটি অবিশ্বাস্য সংখ্যা—১০০০। ক্লাব ও দেশ মিলিয়ে রোনাল্ডোর গোল এখন ৯৭৬। অর্থাৎ, আর ২৪ গোল করলেই ফুটবল ইতিহাসের এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। বিদায়ের আগে তাই রোনাল্ডোর সামনে শেষ এক বড় চ্যালেঞ্জও রয়েছে।

তবে ফুটবল ছাড়ার কথা উঠতেই রোনাল্ডোর ভাবনায় শুধু রেকর্ড বা মাঠ নেই। বরং ২৫ বছরের পেশাদার জীবনের পর এবার একটু অন্য ভাবে বাঁচার ইচ্ছেটাই বেশি স্পষ্ট। ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনা নিয়েও যে তিনি ভাবনাচিন্তা করে ফেলেছেন, সাক্ষাৎকারে তাও জানিয়েছেন পর্তুগিজ তারকা।

রোনাল্ডোর দাবি, ফুটবল ছেড়ে দেওয়ার পর নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই তাঁর হাতে রয়েছে। তবে এত বছরের অভ্যাসের পর হঠাৎ ফুটবল থেকে দূরে সরে যাওয়া যে সহজ হবে না, সেটাও মেনে নিয়েছেন তিনি। কিছুটা বিষন্ন কণ্ঠে রোনাল্ডো বলেন, “আমার ভবিষ্যতের ছক কষা রয়েছে। নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক উপায় আমার কাছে রয়েছে। তবে ফুটবল না থাকলে একটা শূন্যতা তো তৈরি হবেই। তার মোকাবিলা করতে হবে।”

কী ভাবে সেই নতুন জীবন কাটাতে চান, সেটাও গোপন রাখেননি রোনাল্ডো। মাঠের ৯০ মিনিট, অনুশীলনের দীর্ঘ সময়সূচি কিংবা ম্যাচের চাপের বদলে এবার জীবনের অন্য আনন্দগুলোকে সময় দিতে চান তিনি। সেই প্রসঙ্গে রোনাল্ডো জানিয়েছেন, “অনেক ঘুরব। মজা করব। প্যাডেল খেলব। দীর্ঘ পেশাদারী জীবনের উপার্জনকে কাজে লাগাব। ২৫ বছর ধরে অনেক ত্যাগ করেছি। এ বার উপভোগের সময়।”

শেষ বাক্যটাই যেন রোনাল্ডোর সম্ভাব্য অবসরের আসল গল্প। ২৫ বছর ধরে ফুটবলকে নিজের জীবনের কেন্দ্র করে রেখেছেন তিনি। স্পোর্টিং সিপি থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আল নাসের—ক্লাব বদলেছে, লিগ বদলেছে, সতীর্থ বদলেছে। কিন্তু বদলায়নি তাঁর সাফল্যের খিদে।

পাঁচটি ব্যালন ডি’অর, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, পর্তুগালের হয়ে ইউরো ও নেশন্স লিগ—রোনাল্ডোর ট্রফির তালিকা দীর্ঘ। ব্যক্তিগত রেকর্ডের ক্ষেত্রেও তিনি বহুবার ইতিহাস বদলেছেন। শুধু বিশ্বকাপের ট্রফিটা অধরাই থেকে গিয়েছে। ২০২৬ বিশ্বকাপ যে তাঁর শেষ বিশ্বকাপ, তা আগেই জানিয়েছিলেন। ফলে আন্তর্জাতিক ফুটবলের দরজাটাও কার্যত বন্ধ হওয়ার পথে।

এর মধ্যেই ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন অধ্যায়। ১১ অগস্ট দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করেছেন রোনাল্ডো। পাঁচ সন্তানকে নিয়ে তাঁর পরিবারও এখন জীবনের বড় অংশ। ফুটবলের ব্যস্ততা শেষ হলে পরিবারের সঙ্গে সময় কাটানো, ঘোরাঘুরি কিংবা নিজের পছন্দের কাজ নিয়ে ব্যস্ত থাকাই যে তাঁর পরিকল্পনার অংশ, তা তাঁর কথাতেই স্পষ্ট।

তবে তার আগে এখনও একটি দৌড় বাকি।

৯৭৬ থেকে ১০০০—আর মাত্র ২৪ গোল।

সম্ভবত শেষ মরসুম। সম্ভবত শেষ দৌড়। আর সেই দৌড়ের শেষ প্রান্তে যদি ১০০০ গোলের মাইলফলক দাঁড়িয়ে থাকে, তা হলে রোনাল্ডোর বিদায়ও হবে তাঁর গোটা কেরিয়ারের মতোই—সংখ্যায়, রেকর্ডে এবং ইতিহাসে মোড়া।

২৫ বছর ফুটবলকে দিয়েছেন। এবার নিজের কথাতেই, “উপভোগের সময়।”

প্রতিবেদন

Sumantra Mukherjee