কাস্টমসকে হারিয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের
সংবাদদাতা, কলকাতা: কাস্টমসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়ে শিল্ডে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। জুনিয়রদের উপরেই ভরসা রেখেও জিততে সমস্যাই হয়নি লাল-হলুদ ব্রিগেডের।
শিল্ডে মহমেডান স্পোর্টিং শেষ মুহূর্তে নাম তুলে নেওয়ায় কাস্টমসকে সুযোগ করে দেওয়া হয়েছে শিল্ডে খেলার। ইস্টবেঙ্গলকে চমকে দিয়ে প্রথম গোল করে কাস্টমস। ১২ মিনিটে তাঁদের হয়ে গোল করেন রিকি হেমব্রম। শুরু থেকে বেশ ভালই খেলছিল তারা। ইস্টবেঙ্গল পরিণত খেলা খেলে ২৯ মিনিটে গোল শোধ করে। সমতা ফেরান লাল-হলুদের রোহিত। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের খেলায় পরিচিত ঝাঁঝ ফিরেছিল। ৫২ মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সেই রোহিত। পাঁচ মিনিট আগে তৃতীয় গোল আকাশ হেমব্রমের।
ব্রাজ়িল ও উরুগুয়ে ম্যাচের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন আপাতত বন্ধ। তাই ইস্টবেঙ্গল মাঠেই ম্যাচ হয়েছে। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠ কাদার ভর্তি ছিল। চোট লাগার সম্ভাবনা ছিল যে কোনও ফুটবলারেরই। অনেকেই এই পরিস্থিতিতে সিনিয়র ফুটবলারদের না খেলিয়ে ভালই করেছে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সামনে। আইএসএলও শুরু হবে। ফলে প্রথম দলের কেউ চোট পেয়ে গেলে সামলানো মুশকিল হত। বুধবার প্রথম ম্যাচে ৬ গোলে ডেকানকে হারিয়েছিল মোহনবাগান। এদিকে ৩-১ গোলে জিতে শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।
