আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় বিনামূল্যে হাঁটু–হিপ প্রতিস্থাপন
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে এই দুই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পে অনেক রোগেরই চিকিৎসা করা হত না। কিন্তু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় বহু রোগের চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব হবে।
যার মধ্যে অন্যতম সম্পূর্ণ বিনামূল্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের সুযোগ। মোট ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আর যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাঁদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। যার আওতাধীন থাকছে ৮০ লক্ষ পরিবার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন রাজ্যের মাত্র ১৫০০টি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যেত।
কিন্তু রবিবার চালু হওয়া দুটি প্রকল্পের সুবিধে পাওয়া যাবে রাজ্যের ১২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালে। এর সুফল মিলবে ভিনরাজ্যের হাসপাতালেও। সেই হিসেবে দেশের মোট ৩৮ হাজার ৬০৪টি হাসাপাতালে প্রকল্প দুটির সুবিধা পাবেন মানুষ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন পরিচালিত বেসরকারি হাসপাতাল–সহ বিভিন্ন নার্সিংহোমের কর্তাব্যক্তিরা।
তাদের বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পে ১৭০০টি রোগের চিকিৎসা দেওয়া হত। আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় তা বাড়িয়ে ১৯৫০টি করা হয়েছে। এদিন ১০০টি অমৃত ফার্মেসি ও ৪৬৭টি প্রধানমন্ত্রী জনওষুধি চালুর চুক্তিও করা হয়েছে।
