জামদানির বুননে মোদির প্রতিকৃতি, নদিয়ার ফুলিয়ায় পদ্মশ্রী শিল্পীর বিশেষ উপহার
সংবাদদাতা, শান্তিপুর: বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। নদিয়ার ফুলিয়ায় সিল্কের জামদানি শাড়ির বুননে ফুটে উঠল নরেন্দ্র মোদির মুখ। কোনও তুলি বা রং নয়, সম্পূর্ণ হাতে সুতো বুনে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবি। কাজটির তত্ত্বাবধানে ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত তাঁতশিল্পী বীরেন কুমার বসাক। তাঁর এই কাজ ইতিমধ্যে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বীরেন কুমার বসাক জানিয়েছেন, এই শিল্পকর্ম বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হয়নি — বরং প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের কারুকুশলতার একটি নিদর্শন হিসেবেই এটি বানানো। লাইন-আর্ট শৈলীতে তৈরি এই জামদানি প্রতিকৃতি সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় দশ দিন। কাজটি বাস্তবায়িত করেছেন বসাকের দলের দক্ষ তাঁতশিল্পী বিবেক বিশ্বাস, যিনি শুরু থেকেই এই ধরনের লাইন-আর্ট জামদানি তৈরির সঙ্গে জড়িত।
জামদানিতে এই ধরনের সূক্ষ্ম শিল্পকর্মের সূচনা হয়েছিল ২০১৬ সালে, বীরেনবাবুর ছেলে অভিনব বসাকের উদ্যোগে। সেই সময় প্রথম তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। তারপর থেকে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি জামদানির বুননে ফুটিয়ে তোলা হয়েছে, আর সেই ধারাবাহিকতাতেই যুক্ত হল এবারের মোদি-প্রতিকৃতি।
উল্লেখযোগ্য বিষয়, বীরেন কুমার বসাকের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় নতুন নয়। ২০২১ সালে পদ্ম পুরস্কারপ্রাপকদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রীকে একটি জামদানি শিল্পকর্ম উপহার দিয়েছিলেন, যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল মানুষের সঙ্গে কথা বলার একটি দৃশ্য। সেই উপহার প্রধানমন্ত্রীর নজর কাড়ে এবং তিনি নিজের এক্স হ্যান্ডেলে শিল্পীপ সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন যে নদিয়ার এই তাঁতশিল্পী তাঁর কাজে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন ঘটান, এবং তাঁর দেওয়া উপহারটি তিনি যত্ন সহকারে সংরক্ষণ করেছেন।
এবার জন্মদিন উপলক্ষে সেই ধারাবাহিকতাতেই তৈরি হল প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিকৃতি — বিক্রির জন্য নয়, বরং বাংলার তাঁতশিল্পের ঐতিহ্য ও দক্ষতাকে সম্মান জানাতে দিল্লিতে পাঠানো একটি বিশেষ উপহার হিসেবেই।
