বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘‌জামতারা গ্যাং’য়ের অফিস দুর্গাপুরের হোটেল!‌ গ্রেপ্তার ৪

08 September, 2026 6:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: হোটেলের ঘরকে কার্যত প্রতারণার ‘অফিস’ বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে টার্গেট করে চলছিল প্রতারণার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন সাধুডাঙা এলাকার একটি হোটেলে হানা দিয়ে চার যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ‘জামতারা গ্যাং– এর সঙ্গে যোগ থাকার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধৃত চার যুবকই ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুর এলাকার বাসিন্দা। ধৃতদের নাম গণেশ সদ্দার, সচিন দাস, জিতেন্দ্র কুমার দাস এবং সুরেন্দ্র দাস। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, এটিএম কার্ড–সহ গুরুত্বপূর্ণ নথি। পুলিশের প্রাথমিক অনুমান, হোটেলে বসেই দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে ফোন বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে টার্গেট করে প্রতারণার জাল ছড়াতো অভিযুক্তরা। বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য। পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা একই হোটেলে দীর্ঘদিন থাকত না বলে জানা গেছে। মাঝেমধ্যেই হোটেল পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত তারা। ফলে গতিবিধি সম্পর্কে সহজে আঁচ করা যেত না। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের কাছে পৌঁছে যায় তাদের অবস্থানের খবর। এরপরই দুর্গাপুর স্টেশন বাজারের সাধুডাঙা এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে চার যুবককে পাকড়াও করা হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে ক না বা দেশের বিভিন্ন প্রান্তে তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত এবং কীভাবে তারা সাধারণ মানুষকে টার্গেট করত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে বলে মনে করছে পুলিশ। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাসপ্রীত সিং জানিয়েছেন, ধৃতরা সকলেই দেওঘরের বাসিন্দা। তাদের পুলিশি হেফাজত নিয়ে তদন্ত চালানো হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের নেটওয়ার্ক, তাদের সম্ভাব্য সহযোগী এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার লেনদেনের বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। দুর্গাপুরে ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

প্রতিবেদন

Lopa Bhowmik