মালদায় চালু বিমানবন্দর? শুরু হয়ে গিয়েছে কাজ
সংবাদদাতা, মালদহ: মালদাবাসীর জন্য সুখবর। এবার মালদায় চালু হতে চলেছে বিমানবন্দর। বুধবার সকালে বিমানবন্দর এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজারের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।
এদিন বিধায়কের সঙ্গে জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও মালদার বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। বিমানবন্দর চালু করার জন্য পরিকাঠামো সহ একাধিক বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে খুব শীঘ্রই মালদায় বিমানবন্দর চালু হবে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা ও কাজ শুরু হয়েছে।
ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, “আজ আমরা এয়ারপোর্টে এসেছিলাম। খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট চালু করা যায়, তা নিয়ে আলোচনা করলাম। ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। পরিবহণ বিভাগের সঙ্গে একটি বৈঠকে আমরা বিষয়টি তুলে ধরব। প্রশাসনিক কর্তারাও আমাদের সঙ্গে মালদার এয়ারপোর্ট পরিদর্শন করেছেন।”
