দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, সুকান্ত মজুমদারের বাড়ি মধ্যাহ্নভোজ
সংবাদদাতা, বালুরঘাট: বুধবার দিনভর একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকেই জেলায় সাজো সাজো রব। দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের একাধিক বর্তমান ও আগামী সময়ে অনুমোদিত প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি।বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজও সারবেন মুখ্যমন্ত্রী।
এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আধিকারিকদের সাথে প্রাথমিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জেলা পুলিশ সুপারের (SP) কার্যালয়ে যাবেন তিনি। সেখানে গত তিন মাসে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজেয়াপ্ত নেশার দ্রব্যের ওপর রোলার চালিয়ে তা ধ্বংস করা হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেও রোলার চালাতে পারেন।
এদিকে মুখ্যমন্ত্রী সফরের আগে দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসা পরিষেবা ও সমস্যার বিষয়েও খোঁজ নেন। হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন স্বাস্থ্য মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ও দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘বালুছায়া’ সভাকক্ষে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। বৈঠক শেষে বালুছায়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে যাবেন শুভেন্দু অধিকারী এবং সেখানেই সারবেন মধ্যাহ্নভোজ। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারের বাড়িতে প্রস্তুতি তুঙ্গে, নিজেই তদারকি করছেন তাঁর স্ত্রী কোয়েল চৌধুরী। সব মিলিয়ে বুধবার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর যৌথ উপস্থিতি কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা চরমে বালুরঘাটে।
