সল্টলেকের নামী রেস্তোরাঁ বন্ধ করল খাদ্য সুরক্ষা দপ্তর

সংবাদদাতা, কলকাতা : এবার সল্টলেকের একটি নামী রেস্তোরাঁ বন্ধ করে দিল খাদ্য সুরক্ষা দপ্তর। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে রেস্তোরাঁর লাইসেন্সও। শনিবার সিটি সেন্টার লাগোয়া ওই রেস্তোরাঁয় আচমকাই হানা দিয়েছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, সেখানে গিয়ে আধিকারিকরা দেখতে পান খাবারে মেয়াদ উত্তীর্ণ পনির ব্যবহার করা হচ্ছে। চিকেন ও মাটনে ছত্রাক মিলেছে বলেও অভিযোগ। এ প্রসঙ্গে ফুড সেফটি আধিকারিক প্রসেনজিৎ বটব্যাল জানান, ‘এর আগেও এই রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছিল। বিভিন্ন সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে এ বার কড়া পদক্ষেপ করা হল। মানুষ পুজোর সময়েই রসনার তৃপ্তি পেতে আসে। সেখানে ফ্রিজার নোংরা, মাংস খোলা অবস্থায় পড়েছিল। দুধের প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ ছিল।’
