বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফুড সেফটি দপ্তরের অভিযানের জেরে রংবেরঙের মিষ্টি উধাও! বিজয়ায় নতুন ছবি জলপাইগুড়িতে

22 October, 2026 5:18 PM Sandipan Saha
শেয়ার করুন

জলপাইগুড়ি: পুজোর মরশুমে ফুড সেফটি দপ্তর ও প্রশাসনের লাগাতার অভিযানের জের, মিষ্টির দোকানগুলিতে রঙিন মিষ্টির দেখা মিলছে না বললেই চলে।

বিজয়া দশমী মানেই মিষ্টিমুখ। সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। তবে এবারের বিজয়ায় মিষ্টির বাজারে চোখে পড়ছে অন্য ছবি। একসময় যে সমস্ত দোকানে রংবেরঙের মিষ্টির পসরা সাজানো থাকত, সেখানে এখন রঙিন মিষ্টির দেখা মিলছে না বললেই চলে। পুজোর মরশুমে ফুড সেফটি দপ্তর ও প্রশাসনের লাগাতার অভিযানের জেরেই মিষ্টির দোকানগুলিতে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ এলএমবি মিষ্টান্ন ভাণ্ডার থেকে শুরু করে নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন দোকান এবং শহরের বিভিন্ন প্রান্তের মিষ্টির দোকানগুলিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মিহিদানা, সীতাভোগ, ছানার পোলাও, রসগোল্লা ও সন্দেশের মতো হরেক রকমের মিষ্টি কিনতে দোকানে হাজির হচ্ছেন সাধারণ মানুষ।

 

বিজয়ার শুভেচ্ছা বিনিময়, আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত এবং প্রিয়জনদের মিষ্টিমুখ করানোর রীতি মেনে পছন্দের মিষ্টি কিনছেন ক্রেতারা। অন্যদিকে, নেপালি সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যবাহী টিকা উৎসবেও মিষ্টির চাহিদা রয়েছে। বড়দের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ এবং আত্মীয়স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁরা।

শুধু জলপাইগুড়ি শহর নয়, দূরদূরান্ত থেকেও মিষ্টি কিনতে আসছেন ক্রেতারা। সুদূর বীরপাড়া থেকে পরিবার নিয়ে মিষ্টি কিনতে এসেছেন অনেকে। এমনকী অসম থেকে বেনারস যাওয়ার পথেও জলপাইগুড়ির মিষ্টির স্বাদ নিতে দোকানে হাজির হয়েছেন পর্যটকরা। মিষ্টি খেয়ে পছন্দ হওয়ায় বাড়ির জন্য কিনেও নিয়ে যাচ্ছেন তাঁরা।

সব মিলিয়ে বিজয়ার আনন্দে জমজমাট জলপাইগুড়ির মিষ্টির বাজার। তবে উৎসবের এই ভিড়ের মধ্যেই নজর কাড়ছে মিষ্টির দোকানগুলিতে রঙিন মিষ্টির অনুপস্থিতি। ফুড সেফটি দপ্তর ও প্রশাসনের লাগাতার অভিযানের ফলে মিষ্টি তৈরিতে রং ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্কতা বেড়েছে বলেই মনে করা হচ্ছে। বিজয়ার মিষ্টিমুখে ঐতিহ্য ও আনন্দের মেলবন্ধন ঘটলেও, এবার জলপাইগুড়ির মিষ্টির বাজার বেশ সতর্ক। সেখানে রঙিন মিষ্টির নো এন্ট্রি।

 

প্রতিবেদন

Sandipan Saha