দাউদের ভারত-যোগ: রাষ্ট্রসঙ্ঘের বক্তব্যের প্রতিবাদ দিল্লির

নিউ ইয়র্ক: রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে সংঘাতে জড়াল দিল্লি। নেপথ্যে দাউদ ইব্রাহিম। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘ প্রকাশিত একটি প্রতিবেদনে দাউদকে দাউদকে ‘ইন্ডিয়া বেসড’ বলে দাবি করা হয়েছিল। সন্ত্রাসবাদ ও মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল র্যাপোর্টিয়ার বেন সাউল দাবি করেন, ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম ভারত থেকেই কাজ চালাচ্ছেন।’ এই প্রতিবেদনের প্রতিবাদে সুর চড়িয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী। বুধবার সাধারণ পরিষদের তৃতীয় বৈঠকে তিনি বলেন, ‘যে দেশ থেকে ওসামা বিন লাদেনকে খুঁজে হত্যা করা হয়েছিল, দাউদও সেখানেই রয়েছেন। ২০০৩-এ রাষ্ট্রসঙ্ঘ মোস্ট ওয়ান্টেড ঘোষণার অনেক আগেই তিনি ভারত ছেড়ে পালিয়ে যান। সন্ত্রাসে মদতদাতারা নিজেদের কাজকে বৈধতা দিতে মানবাধিকারকে ঢাল করছে।’ সরাসরি পাকিস্তানের নামে না করলেও রঘু পুরী যে তাঁর বক্তব্যে ইসলামাবাদকেই নিশানা করেছেন তা বুঝতে অসুবিধে হয়নি কারোরই। শুধু পাকিস্তানই নয়, এই ঘটনায় বেন সাউলকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অভিযোগ করে বলেছেন, ‘রাষ্ট্রসঙ্ঘের নিরপেক্ষতা এবং সততা বজায় রাখা উচিত। বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমন অদক্ষতা রাষ্ট্রসঙ্ঘেরই ক্ষতি করছে।’ বেন সাউলের দাবিকে ‘সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে করা প্রচার’ বলেও উল্লেখ করেন রঘু পুরী।
ভারতের পক্ষে রঘু পুরী জানান, দাউদের জন্ম এবং বেড়ে ওঠা মুম্বইতে। তবে ১৯৯৩-এ মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পরেই গা ঢাকা দেন তিনি। একাধিক গোয়েন্দা সূত্রের দাবি, তিনি প্রথমে পশ্চিম এশিয়ায় ছিলেন। সেখান থেকে পাকাপাকি ডেরা বাঁধেন পাকিস্তানে।
